
আমেরিকা ও ইরানের মধ্যে যুদ্ধের আশঙ্কা ক্রমেই চড়ছে। এমন পরিস্থিতিতে ইরানে থাকা ভারতীয় নাগরিকদের দ্রুত দেশ ছাড়ার পরামর্শ দিল দূতাবাস। পাশাপাশি, ভারতীয়দের ভ্রমণ সংক্রান্ত যাবতীয় নথি, পরিচয়পত্র প্রস্তুত রাখতে বলা হয়েছে। যে ভারতীয় নাগরিকেরা এখনও রেজিস্ট্রেশন করানি, তাদের অতি দ্রুততার সঙ্গে রেজিস্ট্রেশন করার পরামর্শ দেওয়া হয়েছে। যে কোনও জরুরি প্রয়োজনে সহায়তার জন্য দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার অনুরোধও করা হয়েছে।
তবে এই প্রথম নয়, এর আগে জানুয়ারি মাসেও এমন নির্দেশিকা জারি করা হয়েছিল ভারত সরকারের তরফে। এরপর সোমবার নয়া নির্দেশিকায় জানানো হয়েছে, তীর্থযাত্রী, পড়ুয়া, ব্যবসায়ী এবং পর্যটক- ইরানে থাকা সব ভারতীয় নাগরিকরা যে ভাবেই হোক ইরান ছেড়ে বেরিয়ে আসুন। প্রয়োজনে বাণিজ্যিক বিমান ব্যবহার করুন।
হেল্পলাইন নম্বর জারি করা হয়েছে
এছাড়াও, ভারতীয় দূতাবাস যে কোনও সহায়তার জন্য বেশ কয়েকটি জরুরি হেল্পলাইন নম্বর জারি করেছে। যার মধ্যে রয়েছে +989128109115, +989128109109, +989128109102, এবং +989932179359 মোবাইল নম্বর। ইরানে থাকা নাগরিকেরা cons.tehran@mea.gov.in ইমেলের মাধ্যমেও দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
কেন এই পরামর্শ জারি করা হয়েছে?
২০২৬ সালের জানুয়ারিতে ইরানে বিক্ষোভের সময় হাজার হাজার মানুষ নিহত হয়। এরপর শক্ত হাতে এই বিদ্রোহ দমন করতে সচেষ্ট হয় ইরান সরকার। এরপর ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ইউনিভার্সিটিগুলি ফের চালু হওয়ার সঙ্গে সঙ্গেই পড়ুয়ারা ব্যাপক বিক্ষোভ শুরু করে। তেহরান, মাশহাদ এবং অন্যান্য শহরে এখনও সেই বিক্ষোভ চলছে, ফলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটছে। এছাড়াও, ট্রাম্পের তরফে সম্ভাব্য আক্রমণের আশঙ্কাও রয়েছে। এমন পরিস্থিতিতেই ভারতীয়দের সতর্ক করেছে আমেরিকা।