
ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়িয়েছে ভারত। সেই দেশে আহতদের চিকিৎসা করছে ভারতীয় সেনা। বহু মানুষকে ইতিমধ্যেই সুস্থ করেছেন জওয়ানরা। 'অপারেশন অমিস্তাদ'-এর আওতায় সেখানে মোতায়েন ভারতীয় সেনাবাহিনীর মেডিক্যাল দল নিরলস পরিশ্রম করছে।
ভারতীয় সেনাবাহিনীর ৬০ প্যারা ফিল্ড হাসপাতালের মেডিক্যাল টিম ২ জুলাই পর্যন্ত মোট ৮১৫ জন আহত ও অসুস্থ ব্যক্তির চিকিৎসা করেছে। বর্তমানে ২০ জন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তাঁদের চিকিৎসা ও পর্যবেক্ষণ চলছে।
জরুরি চিকিৎসার পাশাপাশি দলটি বিশেষায়িত স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে। ইতিমধ্যে ২৩৩টি ডেন্টাল পরামর্শ, ১,৮৩৬টি ল্যাবরেটরি পরীক্ষা এবং ২৫৩টি এক্স-রে পরীক্ষা সম্পন্ন হয়েছে। এছাড়া, ভূমিকম্পে গুরুতর আহতদের চিকিৎসার জন্য প্রায় ৬৫টি অস্ত্রোপচার করেছে ভারতীয় মেডিক্যাল দল।
এই টিমে মেডিক্যাল অফিসার সহ- ভারতীয় সেনার ৪১ জন সদস্য উপস্থিত রয়েছেন। বিপদকালীন মেডিক্যাল সাপোর্ট, ট্রমা ম্যানেজমেন্ট-সহ বিপর্যস্ত ভেনেজুয়েলার পাশে দাঁড়াতে যা যা লাগে, সেই সব কিছুই পাঠিয়েছে ভারত। যার সবকিছু মিলিয়ে ওজন প্রায় ৩৫ টন।
জানা যায়, ভারতের মানবিক সহায়তা ও দুর্যোগ মোকাবিলা কর্মসূচির অংশ হিসেবে ভেনেজুয়েলায় পাঠানো এই মেডিক্যাল দল স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় রেখে দুর্গত মানুষের কাছে দ্রুত ও কার্যকর স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে কাজ চালিয়ে যাচ্ছে।
প্রসঙ্গত, ২৪ জুনের ভয়াবহ ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় হাজার হাজার মানুষ ঘরছাড়া। অনেকে ত্রাণশিবিরে বা খোলা আকাশের নিচে রাত কাটাতে বাধ্য হচ্ছেন। বিশুদ্ধ পানীয় জল ও ন্যূনতম স্যানিটেশন ব্যবস্থার অভাবে তাঁরা চরম দুর্ভোগের মধ্যে রয়েছেন বলে অভিযোগ সামনে আসছে। সেই দেশের সরকারি তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পে এখন পর্যন্ত অন্তত ২,২৯৫ জনের মৃত্যু হয়েছে। আহত ১১ হাজারেরও বেশি মানুষ।