
Indian worker killed Russia: রাশিয়ার মস্কোয় ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা। প্রাণ হারালেন এক প্রবাসী ভারতীয়। জখম আরও তিন ভারতীয় কর্মী। রবিবার গভীর রাতে এই হামলার পর ঘটনাস্থলে পৌঁছন ভারতীয় দূতাবাসের প্রতিনিধিরা। হাসপাতালে গিয়ে জখমদের সঙ্গে দেখা করেন তাঁরা।
রাশিয়ায় ভারতীয় দূতাবাস এক্স হ্যান্ডলে এই বিষয়ে জানায়। সেখানে নিহত ভারতীয় শ্রমিকের পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে। পাশাপাশি আহত শ্রমিকদের সব ধরনের সাহায্য করতে স্থানীয় প্রশাসন এবং সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে। তবে এখনও পর্যন্ত নিহত ও আহত ভারতীয়দের পরিচয় প্রকাশ করা হয়নি।
রবিবার রাতভর মস্কো এবং সংলগ্ন এলাকায় একের পর এক ড্রোন হামলা চালায় ইউক্রেন। রাশিয়ার দাবি, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে এক হাজারেরও বেশি ইউক্রেনীয় ড্রোন আটকানো হয়েছে। মস্কোর মেয়র সের্গেই সোবিয়ানিন জানিয়েছেন, রাজধানীর দিকে ধেয়ে আসা অন্তত ৮১টি ড্রোন ভূপাতিত করেছে রুশ প্রতিরক্ষা ব্যবস্থা।
এই হামলায় মস্কো অঞ্চলের একাধিক আবাসিক এলাকা এবং পরিকাঠামোর ক্ষতি হয়েছে। রাশিয়ার প্রশাসনের দাবি, অন্তত চার জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে তিন জন মস্কো অঞ্চলের বাসিন্দা। আরও এক জনের মৃত্যু হয়েছে ইউক্রেন সীমান্ত লাগোয়া বেলগোরদ অঞ্চলে।
মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানিয়েছেন, খিমকি এলাকায় একটি বাড়ির উপর ড্রোনের ধ্বংসাবশেষ পড়ায় এক মহিলার মৃত্যু হয়েছে। মিতিশ্চি জেলার পোগোরেলকি গ্রামে মৃত্যু হয়েছে আরও দুই ব্যক্তির। হামলায় বহু মানুষ আহত হয়েছেন বলেও খবর।
রাশিয়ার একাধিক সংবাদমাধ্যমের দাবি, মস্কোর তেল শোধনাগারের কাছেও বিস্ফোরণের ঘটনা ঘটেছে। যদিও প্রশাসনের বক্তব্য, শোধনাগারের কাজকর্ম স্বাভাবিক রয়েছে এবং বড় ধরনের ক্ষতি হয়নি।
অন্য দিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি (Volodymyr Zelenskyy) দাবি করেন, সম্প্রতি কিয়েভে রাশিয়ার বড়সড় হামলার জবাব দিতেই এই ড্রোন আক্রমণ চালানো হয়েছে। সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও পোস্ট করে তিনি বলেন, রাশিয়া যেভাবে ইউক্রেনের শহর এবং সাধারণ মানুষের উপর হামলা চালাচ্ছে, তার পাল্টা জবাব দিতেই এই পদক্ষেপ।
জেলেনস্কির দাবি, রাশিয়ার শক্তিশালী প্রতিরক্ষা বলয় ভেদ করে ইউক্রেন ৫০০ কিলোমিটারেরও বেশি ভিতরে আঘাত হানতে সক্ষম হয়েছে।
অন্য দিকে, রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা এই হামলাকে ‘সন্ত্রাসবাদী আক্রমণ’ বলে কড়া ভাষায় নিন্দা করেছেন। রুশ সংবাদসংস্থা TASS-এর রিপোর্ট অনুযায়ী, মস্কোর দাবি, সাধারণ নাগরিকদের লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে।
প্রসঙ্গত, গত প্রায় চার বছরেরও বেশি সময় ধরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলছে। দুই দেশেরই দাবি, তারা সাধারণ নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। কিন্তু বাস্তবে যুদ্ধের জেরে দুই দেশেই আবাসিক এলাকা এবং অসামরিক পরিকাঠামোই বারবার ক্ষতিগ্রস্ত হয়েছে । এ বার সেই সংঘাতে প্রাণ হারালেন এক প্রবাসী ভারতীয়ও।