
ইরান যুদ্ধের প্রভাব পড়তে শুরু করেছে সমগ্র বিশ্বের উপর। মূলত জ্বালানি সঙ্কট দেখা দেওয়ার জেরেই আশঙ্কিত সারা বিশ্ব। মধ্য়প্রাচ্যে কবে যুদ্ধ বন্ধ হবে? অনেকেই সেই উত্তর খুঁজতে চাইছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এর আগে যুদ্ধ শেষ হওয়ার বার্তা দিয়েও ইউ টার্ন নিয়েছেন। এমন পরিস্থিতিতে প্রথমবারের জন্য যুদ্ধ বন্ধ করার পক্ষে মত দিল ইরান। তবে তার জন্য ৩টি শর্ত চাপিয়েছে মধ্যপ্রাচ্যের দেশটি।
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান খোলাখুলি জানিয়েছেন, যুদ্ধ শেষ করার একমাত্র উপায় হল ইরানের 'বৈধ অধিকার' স্বীকার করা, যুদ্ধে হওয়া লোকসানের ক্ষতিপূরণ করা এবং ভবিষ্যতে কোনও আক্রমণের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি দিতে হবে। তিনি বলেন, "এই তিনটি শর্ত পূরণ হলে তেহরান যুদ্ধ শেষ করতে প্রস্তুত।"
সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্স-এ পেজেশকিয়ান লিখেছেন, "রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে কথা বলে আমি এই অঞ্চলে শান্তির প্রতি ইরানের প্রতিশ্রুতির কথা জানাচ্ছি। ইহুদিবাদী সরকার ও আমেরিকার তরফে শুরু করা এই সংঘাতের অবসানের একমাত্র উপায় হল, ইরানের আইনি অধিকারকে স্বীকৃতি দেওয়া, ক্ষতিপূরণ দেওয়া এবং ভবিষ্যতের আগ্রাসনের বিরুদ্ধে দৃঢ় আন্তর্জাতিক গ্যারান্টি দেওয়া।"
এই যুদ্ধের দায় পুরোপুরি ইজরায়েল ও আমেরিকার উপরেই ঠেলে পেজেশকিয়ান জানান, তাঁর দাবিগুলির একটি সুনির্দিষ্ট মীমাংসা না হলে ও এই সংক্রান্ত চুক্তি না হলে যুদ্ধের অবসান অসম্ভব।
উল্লেখ্য বিষয় হল, আজ বুধবার ১৩তম দিনে প্রবেশ করল মধ্যপ্রাচ্যের যুদ্ধ। তবে এখনও উত্তেজনা প্রশমনের কোনও লক্ষণ দেখা যাচ্ছে না। এমন পরিস্থিতিতে ইরানের কূটনৈতিক উদ্যোগ বিশ্বকে স্বস্তি দিচ্ছে। তেহরানের দাবি তারা মধ্যপ্রাচ্যে শান্তি চায়, তবে দায়িত্বশীল দেশগুলিকে অবশ্যই জবাবদিহি করতে হবে।