Advertisement

Hormuz Closure: ফের হরমুজ বন্ধের হুঁশিয়ারি ইরানের, তেল বাজারে ফের আতঙ্ক

যুদ্ধবিরতির কয়েক দিনের মধ্যেই হরমুজ প্রণালী বন্ধের ঘোষণা করল ইরান। তবে আমেরিকার দাবি, জলপথ এখনও খোলা। গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক তেল বাজার ও পশ্চিম এশিয়ায়।

গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক তেল বাজার ও পশ্চিম এশিয়ায়।গোটা পরিস্থিতি নিয়ে উদ্বেগ বাড়ছে আন্তর্জাতিক তেল বাজার ও পশ্চিম এশিয়ায়।
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 20 Jun 2026,
  • अपडेटेड 7:56 PM IST
  • ফের হরমুজ বন্ধের ঘোষণা করল ইরান।
  • ফের হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধের ঘোষণা করল তেহরান।
  • এখনও হরমুজের জলপথ খোলাই রয়েছে।

Iran Strait of Hormuz: স্বস্তি এসেছিল। তবে তা বেশিদিন টিকল না। ফের হরমুজ বন্ধের ঘোষণা করল ইরান। যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরের কয়েক দিনের মধ্যেই ফের হরমুজ প্রণালী (Strait of Hormuz) বন্ধের ঘোষণা করল তেহরান। যদিও সেই ঘোষণা মানতে নারাজ আমেরিকা। তাদের দাবি, এখনও হরমুজের জলপথ খোলাই রয়েছে। দিব্যি জাহাজ চলাচল করছে।

ইরানের যুগ্ম সামরিক কমান্ড খাতাম আল-আনবিয়ার সদর দফতর জানিয়েছে, আমেরিকা ও ইজরায়েল যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করেছে। সেই কারণেই ফের হরমুজ বন্ধের সিদ্ধান্ত। ইরানের সংবাদসংস্থা মেহর-এর রিপোর্টে দাবি করা হয়েছে, দক্ষিণ লেবাননে ইজরায়েলের পদক্ষেপ এবং আমেরিকার ভূমিকার প্রতিবাদে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল বন্ধের ঘোষণা করা হয়েছে।

তবে এই দাবির পাল্টা জবাব দিয়েছেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ওয়াশিংটনের ১৪ দফা যুদ্ধবিরতি চুক্তি এখনও কার্যকর রয়েছে বলে তাঁর বিশ্বাস। পাশাপাশি তিনি স্পষ্ট জানিয়েছেন, হরমুজ প্রণালী বন্ধ হওয়ার কোনও প্রমাণ আমেরিকার হাতে নেই।

ইরান অবশ্য জানিয়েছে, এটি তাদের প্রতিক্রিয়ার ‘প্রথম ধাপ’। পরিস্থিতি না বদলালে আরও পদক্ষেপ নেওয়া হতে পারে বলেও হুঁশিয়ারি দিয়েছে তেহরান। তাদের দাবি, যুদ্ধবিরতি স্মারকের প্রথম ধারা লঙ্ঘিত হয়েছে।

বিশ্ব অর্থনীতির দৃষ্টিতে হরমুজ প্রণালী অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্বের উল্লেখযোগ্য অংশের অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস এই জলপথ দিয়েই পরিবহণ করা হয়। ফলে এই পথ বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হলেই আন্তর্জাতিক জ্বালানি বাজারে অস্থিরতা দেখা দেয়।

এদিকে, লেবাননে সংঘর্ষ বৃদ্ধির পর ইজরায়েল ও হেজবোল্লাহ যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে। সেই আবহেই ফের শুরু হতে চলেছে আমেরিকা-ইরান পরমাণু চুক্তি নিয়ে আলোচনা। অ্যাক্সিয়স-এর প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ সুইৎজ়ারল্যান্ডে গিয়ে ইরানের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করতে পারেন।

ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, ইরানের আলোচক দলও সুইৎজ়ারল্যান্ডে যাচ্ছে। তাঁর বক্তব্য, কোনও চুক্তির প্রকৃত মূল্যায়ন হয় তার বাস্তবায়নের সময়। তাই আলোচনার পরবর্তী ধাপই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

Advertisement

এই পরিস্থিতিতে নজর রয়েছে হরমুজ প্রণালীর উপর। কারণ, জলপথটি সত্যিই বন্ধ হয় কি না, তার উপর আন্তর্জাতিক তেল বাজার, জাহাজ চলাচল এবং পশ্চিম এশিয়ার ভূ-রাজনৈতিক পরিস্থিতির ভবিষ্যৎ নির্ভর করছে। 

Read more!
Advertisement
Advertisement