Advertisement

Israel Election Result: নেতানিয়াহু শাসনের অবসান ইজরায়েলে? ম্যাজিক ফিগার ছুঁতে পারলেন না, 'ভোটচুরি' অভিযোগও

ইজরায়েলের নির্বাচনের ভোটগণনা সম্পূর্ণ হয়েছে। কিন্তু চূড়ান্ত ফলাফলে দেখা গিয়েছে, কোনও দলই ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি। ওই দেশেও ভোট চুরির অভিযোগ উঠেছে। পরিস্থিতি ডেডলক হলে ফের ভোট হতে পারে ইজরায়েলে।

ইজরায়েলে কি আবার ভোট হবে? ইজরায়েলে কি আবার ভোট হবে?
Aajtak Bangla
  • জেরুজালেম ,
  • 30 Oct 2026,
  • अपडेटेड 9:42 AM IST
  • ইজরায়েলের নির্বাচনের ভোটগণনা সম্পূর্ণ
  • কোনও দলই ম্যাজিক ফিগার ছুঁতে পারেনি
  • ফের ভোট হতে পারে ইজরায়েলে

ইজরায়েলের সংসদীয় নির্বাচনের ভোটগণনা সম্পূর্ণ হয়েছে। কিন্তু চূড়ান্ত ফলাফলে বড় ধাক্কা খেল প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জোট। ১২০ আসনের ইজরায়েলি সংসদ নেসেটে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে ব্যর্থ হয়েছে তাঁর জোট। ইজরায়েলি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সব ভোটগণনার পর নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। অন্যদিকে, বিরোধী জোটের ঝুলিতে গিয়েছে ৪৮টি আসন। আরব দলগুলি পেয়েছে ১৯টি আসন।

ইজরায়েলের সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজন ৬১টি আসন। কিন্তু নির্বাচনের ফলাফলে কোনও রাজনৈতিক শিবিরই সেই ম্যাজিক ফিগারে পৌঁছতে পারেনি। ফলে পরবর্তী সরকার গঠন নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা। এবার শুরু হতে পারে সবচেয়ে জটিল পর্ব, জোট-আলোচনা। নেতানিয়াহুর দল লিকুদ সবচেয়ে বড় দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। তারা পেয়েছে ২৭টি আসন। তবে সবচেয়ে বড় দল হলেও পরবর্তী সরকার গঠন নিশ্চিত নয় নেতানিয়াহুর।

লার্জেস্ট পার্টি
বিশেষ ব্যালটের ভোটগণনা শেষ হওয়ার পর নির্বাচনের চূড়ান্ত আসন বণ্টন সামনে এসেছে। ইজরায়েলের কেন্দ্রীয় নির্বাচন কমিটি এই বিশেষ ব্যালটগুলি গণনা করেছে। এই ভোটগুলিকে ডাবল-এনভেলপ ভোট বলা হয়। এর মধ্যে রয়েছেন সেনাকর্মী, বন্দি, বিদেশে কর্মরত কূটনীতিক এবং হাসপাতালে ভর্তি থাকা ভোটাররা। যাঁরা নিজেদের নির্দিষ্ট ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে পারেননি।

অন্যান্য দলগুলির মধ্যে গাদি আইজেনকটের ইয়াশার পার্টি পেয়েছে ২১টি আসন। বি'ইয়াচাদ পেয়েছে ১২টি এবং জয়েন্ট লিস্ট পেয়েছে ১১টি আসন। ডেমোক্র্যাটস ও রা'আম পেয়েছে ৮টি করে আসন। ইউনাইটেড তোরাহ জুডাইজম, ইজরায়েল বেইতেনু এবং ওতজমা ইয়েহুদিত পেয়েছে ৭টি করে আসন। অন্যদিকে, শাস এবং রিলিজিয়াস জিওনিজম পেয়েছে ৬টি করে আসন।

নির্বাচন কমিটি জানিয়েছে, বিশেষ ব্যালটের ভোটগণনা শেষ হয়েছে। তবে চূড়ান্ত সরকারি ফলাফল পরে প্রকাশ করা হবে। বিশেষ ব্যালট গণনার পরেও প্রধান রাজনৈতিক শিবিরগুলির মধ্যে আসন বণ্টনের কোনও পরিবর্তন হয়নি।

বিদেশি হস্তক্ষেপের অভিযোগে নির্বাচনী বিতর্ক
নির্বাচনের ফলাফল ঘিরে বিদেশি হস্তক্ষেপ এবং ইজরায়েলের আরব নাগরিকদের বিপুল ভোটদান নিয়েও রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে।

Advertisement

নেতানিয়াহুর দল লিকুদের অভিযোগ, আরব-নেতৃত্বাধীন দলগুলি ভোট কেনা এবং বেআইনি ভাবে ভোটারদের সংগঠিত করার সুবিধা পেয়েছে। এমনকী, নির্বাচনে 'ভোট চুরি করা হয়েছে' বলেও দাবি করেছে তারা।

ইজরায়েলের অভ্যন্তরীণ নিরাপত্তা সংস্থা শিন বেট বিদেশি অর্থসাহায্যের মাধ্যমে বেআইনি ভাবে আরব ভোটারদের ভোটদানে প্রভাবিত করার অভিযোগ খতিয়ে দেখছে। অভিযোগ, এই অর্থের সঙ্গে কাতার ও তুরস্কের যোগ থাকতে পারে। পাশাপাশি, নির্বাচনে ঘুষ দেওয়ার অভিযোগের তদন্ত করছে ইজরায়েল পুলিশের লাহাভ ৪৩৩ ইউনিট।

তবে এই অভিযোগগুলির কোনওটিই এখনও প্রমাণিত হয়নি। কেন্দ্রীয় নির্বাচন কমিটির চেয়ারম্যান নোআম সোলবার্গ বিদেশি হস্তক্ষেপের সম্ভাব্য অভিযোগ খতিয়ে দেখতে শিন বেটকে তদন্তের অনুরোধ জানিয়েছেন। যদিও নির্বাচন কমিটির ভারপ্রাপ্ত ডিরেক্টর জেনারেল জানিয়েছেন, নির্বাচনের স্বচ্ছতা নিয়ে পদ্ধতিগত ভাবে বড় ধরনের অনিয়মের অভিযোগের কোনও ভিত্তি নেই। অন্যদিকে, নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ অস্বীকার করেছে কাতার।

এই বিতর্কে আরব দলগুলির ভূমিকা নিয়েও উত্তেজনা বেড়েছে। সম্মিলিত ভাবে ১৯টি আসন পাওয়া আরব দলগুলি সরকার গঠনের ক্ষেত্রে কিংমেকার হিসেবে উঠে আসতে পারে। 

কী হতে চলেছে ইজরায়েলে? 
নির্বাচনের চূড়ান্ত ফলাফলে নেতানিয়াহু এবং বিরোধী শিবির, কোনও পক্ষই সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি জিততে পারেনি। ফলে বিকল্প সরকার গঠনের ক্ষেত্রেও আরব দলগুলির সমর্থন অথবা সহযোগিতার প্রয়োজন হতে পারে। তবে একাধিক ইহুদি-নেতৃত্বাধীন দলের কাছে আরব দলগুলির সঙ্গে সমঝোতা রাজনৈতিক ভাবে যথেষ্ট বিতর্কিত বিষয়।

ফলাফল আনুষ্ঠানিক ভাবে স্বীকৃতি পাওয়ার পর ইজরায়েলের প্রেসিডেন্ট সরকার গঠনের জন্য কোনও একজন আইনপ্রণেতাকে দায়িত্ব দেবেন। সেই আইনপ্রণেতাকে বিভিন্ন দলের সঙ্গে আলোচনা করে জোট তৈরি হচ্ছে কি না, তা দেখতে হবে। কিন্তু কোনও গ্রহণযোগ্য জোট তৈরি না হলে ফের নির্বাচন হতে পারে ইজরায়েলে। ফলে আপাতত সে দেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।

 

Read more!
Advertisement
Advertisement