
ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু মৃত। মধ্যপ্রাচ্যে যুদ্ধ আবহে সোশ্যাল মিডিয়ায় গুঞ্জন এমনটাই। যদিও এই গুঞ্জনকে ভুয়ো বলে উড়িয়ে দিল ইজরায়েল। ইজরায়েলের প্রধানমন্ত্রীর অফিসের বিবৃতি, 'এই সব ভুয়ো খবর। প্রধানমন্ত্রী সুস্থই রয়েছেন।'
ঘটনার সূত্রপাত কোথায়?
শুক্রবার নিজের এক্স অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেন করেন নেতানিয়াহু। সেখানে তাঁকে ইরান, ইজরায়েল এবং আমেরিকার সংঘাত নিয়ে একটি সাংবাদিক বৈঠকে বক্তব্য রাখতে দেখা যায়। আর সেই ভিডিও পোস্টের পরই নানা গুঞ্জন উঠতে শুরু করে। বলা হয়, মারা গিয়েছেন নেতানিয়াহু।
ভিডিওটি পোস্ট হওয়ার কিছুক্ষণের মধ্যেই সোশ্যাল মিডিয়ার কিছু ব্যবহারকারী অদ্ভুত দাবি করেন। তাঁরা জানান, বক্তৃতার সময় নেতানিয়াহু যখন সামান্য হাত তুলেছিলেন, তখন তাঁর ডান হাতে ছয়টি আঙুল দেখা গিয়েছে।
ভিডিওর প্রায় ৩৫ সেকেন্ডকেই মূলত চিহ্নিত করেন তাঁরা। এই সময় কনিষ্ঠার পাশে অতিরিক্ত মাংসের একটি অংশকে অনেকেই ষষ্ঠ আঙুল বলে মনে করেন। কেউ কেউ এটিকে 'ক্লাসিক এআই ফিঙ্গার গ্লিচ' বলে উল্লেখ করেন। তাঁদের মতে, এটি কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে তৈরি ভিডিও। তাই এমন ষষ্ঠ আঙুল দেখা গিয়েছে।
এই জল্পনা আরও বাড়তে থাকে যখন মার্কিন রক্ষণশীল ভাষ্যকার কানডেস ওয়েনস X-এ বিষয়টা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি নেতানিয়াহুর ডাকনাম উল্লেখ করে লেখেন, 'বিবি কোথায়?', পাশাপাশি তাঁর প্রশ্ন, 'কেন তাঁর দফতর থেকে এআই দিয়ে তৈরি ভুয়ো ভিডিও পোস্ট করে আবার মুছে ফেলা হচ্ছে? আর হোয়াইট হাউসে কেন এত আতঙ্ক?'
কিছু ব্যবহারকারী ভিডিওর পেছনের দৃশ্যের দিকেও আঙুল তোলেন। তাঁদের দাবি, পর্দা নড়ছিল, কিন্তু পিছনে থাকা দু'টি ইজরায়েলি পতাকা প্রায় স্থির ছিল। তাঁদের কথায় এটিই প্রমাণ করে যে ভিডিওটি বোধহয় এআই দিয়ে তৈরি। তারপর থেকেই দ্রুত গতিতে ছড়িয়ে পড়ে ইজরায়েলের প্রধানমন্ত্রীর মৃত্যুর খবর।
একজন ব্যবহারকারী লেখেন, পর্দাটি 'পুরো ভিডিও জুড়ে একই প্যাটার্নে নড়ছে, যেন লুপ হচ্ছে।' অর্থাৎ দাবি পরিষ্কার যে এর পিছনে রয়েছে এআই।
যদিও সোশ্যাল মিডিয়াতে অনেকেই এই দাবির বিরোধিতা করেন। তাঁদের মতে, এখন অনেক সরকারি সম্প্রচার বা ভিডিওতে ডিজিটাল বা ভার্চুয়াল ব্যাকগ্রাউন্ড ব্যবহার করা হয়। তাই এমন ভিজ্যুয়াল অসঙ্গতি দেখা যেতেই পারে। আর সেই সুরই শোনা গেল নেতানিয়াহুর অফিসের মুখে। তাদের পক্ষ থেকে দাবি করা হয় যে নেতানিয়াহুর মৃত্যু হয়নি।