
ফের হামলা হরমুজ প্রণালীতে। এবার এই জলপথ দিয়ে এগিয়ে চলা একটি এলপিজি ট্যাঙ্কার মিসাইল হামলা চালানো হয়েছে। আর সবথেকে খারাপ বিষয়, আক্রমণের শিকার হওয়া এই জাহাজটিতে ২৪ জন ভারতীয় নাবিক সহ ২৫ জন উপস্থিত ছিলেন। মঙ্গলবার কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এই তথ্য সামনে এনেছেন।
মন্ত্রী জানিয়েছেন, 'তারা গ্যাস' নামের এই এলপিজি ট্যাঙ্কারে ১৬ নভেম্বর মিসাইল হামলা হয়। যদিও জাহাজে উপস্থিত ২৪ জন ভারতীয় নাগরিককই নিরাপদে রয়েছেন।
সোনয়ালের আরও দাবি, ভারতীয় নাবিকদের নিরাপত্তার কথা মাথায় রয়েছে সরকারের। সেই মতো পরিস্থিতির দিকে নজর রাখা হচ্ছে। তাদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। তাই এই বিষয়টা নিয়ে চিন্তার কিছু নেই।
মাথায় রাখতে হবে, হরমুজ প্রণালী হল বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্য পথ। এখান দিয়ে বিপুল পরিমাণে অপরিশোধিত তেল ও গ্যাস যায়। যেই কারণে এই অঞ্চলে নতুন করে জাহাজে মিসাইল হামলার ফলে উদ্বেগ বেড়েছে সাধারণ মানুষের মনে। এর ফলে নতুন করে ক্রাইসিস তৈরি হতে পারেও বলে আশঙ্কা করছেন অনেকে।
বিশেষজ্ঞদের একাংশ জানাচ্ছেন, হরমুজ প্রণালীর নিরাপত্তার দিকে নজর রাখা জরুরি। কারণ, এটি পারস্য উপসাগরকে আরব সাগরের সঙ্গে জুড়়ে দেয়। এটি একটি সংকীর্ণ পথ। এই পথ থেকে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস যায়। এমনকী ভারতও এই জলপথ থেকেই তেল ও গ্যাস আমদানি করে। তাই এই অঞ্চলে যদি জাহাজের উপর মিসাইল অ্যাটাক হয়, তাহলে পেট্রোল, ডিজেল ও রান্নার গ্যাস আমদানি সমস্যার মুখে পড়তে পারে। যার ফলে চাপ পড়তে পারে অর্থনীতিতে। তাই এখন দেখার পরিস্থিতি ঠিক কোন দিকে যায়।