
এবার ছোটদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপর বড়সড় নিষেধাজ্ঞা আরোপ করল মালয়েশিয়া। এই দেশে সোমবার থেকে নতুন অনলাইন নিরাপত্তা বিধি লাগু হয়েছে। এর ফলে বড় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মগুলিকে এখন থেকে ব্যবহারকারীদের বয়স যাচাই করতে হবে। ১৬ বছরের কম বয়সীদের আর সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে দেওয়া যাবে না।
এই নিয়ম অনুযায়ী, ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক এবং ইউটিউবকে এর আওতায় আনা হচ্ছে। যদিও সেই দেশের কমিউনিকেশন রেগুলেটর জানিয়েছে, এই ব্যবস্থা কার্যকর করার জন্য প্ল্যাটফর্মগুলিকে কিছু সময় দেওয়া হবে। যদিও সেই সময়সীমা কতদিন, তা জানানো হয়নি।
আসলে ছোটদের সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাব নিয়ে বিশ্বব্যাপী উদ্বেগ বাড়ছে। তাই সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিয়ন্ত্রণ আরোপের পথে হাঁটল মালয়েশিয়া বলে খবর।
মালয়েশিয়ান কমিউনিকেশনস অ্যান্ড মাল্টিমিডিয়া কমিশনের (MCMC) একটি FAQ নথি অনুযায়ী, সোমবার থেকে '১৬ বছরের কম বয়সী ব্যবহারকারীরা সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট করতে পারবে না।'
FAQ-তে বলা হয়েছে, প্ল্যাটফর্মগুলিকে বয়স যাচাই ব্যবস্থা চালু করতে হবে। এক্ষেত্রে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের মতো সরকারি নথির সঙ্গে তথ্য মিলিয়ে দেখার ব্যবস্থাও রাখতে হবে।
দেশটির অনলাইন সেফটি অ্যাক্টের অধীনে নতুন চাইল্ড প্রোটেকশন কোড এবং রিস্ক মিটিগেশন কোড অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় আরও কনটেন্ট নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে।
পাশাপাশি প্ল্যাটফর্মগুলিকে ক্ষতিকর কনটেন্টের ঝুঁকি কমাতে সক্রিয় হতে হবে। এমনকী পদ্ধতিগত ব্যবস্থা নেওয়ার কথাও বলা হয়েছে।
MCMC জানিয়েছে, এই দুই কোড না মানলে সংশ্লিষ্ট সংস্থাগুলিকে সর্বোচ্চ ১ কোটি মালয়েশিয়ান রিঙ্গিত (প্রায় ২৫ লক্ষ মার্কিন ডলার) পর্যন্ত আর্থিক জরিমানা করা হতে পারে।
বিশ্বজুড়ে কড়াকড়ি
গত ডিসেম্বর মাসে অস্ট্রেলিয়া বিশ্বের প্রথম দেশ হিসেবে টিকটক, ইউটিউব, স্ন্যাপচ্যাট এবং অন্যান্য বড় প্ল্যাটফর্ম থেকে ১৬ বছরের কম বয়সীদের অ্যাকাউন্ট সরিয়ে দেওয়ার নির্দেশ দেয়। এই কাজ না করলেই সোশ্যাল মিডিয়া সংস্থাগুলিকে বড় অঙ্কের জরিমানার মুখে পড়তে হবে বলে জানায় তারা।
তবে ঐতিহাসিক ওই আইন কার্যকর হওয়ার তিন মাস পর অস্ট্রেলিয়ার অনলাইন নিরাপত্তা পর্যবেক্ষক সংস্থা দেখে, এখনও অনেকে কম বয়সেই প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছে।
অস্ট্রেলিয়ার মতোই ইন্দোনেশিয়াও কিশোরদের প্রবেশাধিকার নিয়ন্ত্রণের দায়িত্ব প্ল্যাটফর্মগুলির উপর চাপিয়েছে। চলতি বছরের মার্চ মাসে ১৬ বছরের কম বয়সীদের জন্য সোশ্যাল মিডিয়া নিষেধাজ্ঞা কার্যকর করা হয়। এতে প্রায় ৭ কোটি শিশুকে অনলাইন পর্নোগ্রাফি, সাইবার বুলিং এবং ইন্টারনেট আসক্তির মতো ঝুঁকি থেকে রক্ষা করা যায়।
প্রথমে আটটি প্ল্যাটফর্মকে এই নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছিল। সেগুলি হল ইউটিউব, টিকটক, ফেসবুক, ইনস্টাগ্রাম, থ্রেডস, এক্স, বিগো লাইভ এবং রোবলক্স।