
ধর্মের পথ আলাদা হতে পারে। পুজো-পদ্ধতি বা আচার-অনুষ্ঠানও আলাদা হতে পারে। কিন্তু সব পথের লক্ষ্য এক। সত্যের সন্ধান এবং মানবতার কল্যাণ। নিউ ইয়র্কের অনুষ্ঠানে এমনই বার্তা দিলেন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের (RSS) প্রধান মোহন ভগবত। আমেরিকার নিউ ইয়র্কে আয়োজিত ‘এক বিশ্ব, এক মানবতা’ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'বিভিন্ন ধর্মের নিজস্ব নিয়মকানুন ও উপাসনার পদ্ধতি রয়েছে। কিন্তু সেই পার্থক্যের পিছনে যে মূল সত্য, তা এক। আর সেই সত্য থেকেই মানবতার জন্ম।'
মোহন ভগবতের বলেন, 'মানুষ তার নিজের অভিজ্ঞতা এবং সীমাবদ্ধতার মধ্য দিয়েই পৃথিবীকে বোঝে। ফলে একই সত্যকে বিভিন্ন মানুষ বা সমাজ আলাদা ভাবে উপলব্ধি করে।'
'একই সত্য, দেখার পদ্ধতি আলাদা'
বিষয়টি বোঝাতে নিজের পশুচিকিৎসক হওয়ার অভিজ্ঞতার উদাহরণ দেন মোহন ভগবত। তিনি বলেন, 'মানুষ সাধারণত একাধিক রং দেখতে পায়। কিন্তু কুকুরের মানুষের মতো এত রং দেখতে পায় না। ফলে মানুষ তাকে পৃথিবীর নানা রং বোঝাতে চাইলেও কুকুর নিজের ক্ষমতার বাইরে গিয়ে সেই অভিজ্ঞতা অর্জন করতে পারবে না। কিন্তু তার অর্থ এই নয় যে কুকুর যা দেখছে, তা মিথ্যা। তার কাছে সেই অভিজ্ঞতাই বাস্তব। একই ভাবে মানুষও নিজের ইন্দ্রিয় এবং অভিজ্ঞতার সীমার মধ্যে থেকে পৃথিবীকে বোঝে।'
ধর্ম আলাদা, লক্ষ্য কি আলাদা?
নিউ ইয়র্কের অনুষ্ঠানে ধর্ম ও মানবতা নিয়েও নিজের বক্তব্য তুলে ধরেন ভগবত। তাঁর কথায়, পৃথিবীতে বহু ধর্ম রয়েছে। প্রত্যেক ধর্মের নিজস্ব আচার, অনুশাসন এবং উপাসনার পদ্ধতি রয়েছে। নির্দিষ্ট ধর্মীয় পথে চলতে গেলে সেই নিয়মগুলি মেনে চলাও প্রয়োজন।
ভগবতের বক্তব্য, বিভিন্ন ধর্মের পথ আলাদা হলেও তাদের লক্ষ্য সেই চূড়ান্ত সত্য বা পরম সত্তার দিকে এগিয়ে যাওয়া। মানুষ সেই সত্যকে নিজের নিজের ভাষায় এবং নিজের বিশ্বাস অনুযায়ী ব্যাখ্যা করে।
‘আঙুল নয়, আলোর দিকে তাকান’
নিজের বক্তব্য বোঝাতে একটি সহজ উদাহরণও দেন মোহন ভগবত। কেউ যদি আঙুল দিয়ে দূরের কোনও আলো দেখিয়ে বলেন, 'ওখানে আলো রয়েছে', তা হলে স্বাভাবিক ভাবেই প্রথমে মানুষের চোখ চলে যাবে তাঁর আঙুলের দিকে। কিন্তু আঙুলের দিকেই যদি কেউ সারাক্ষণ তাকিয়ে থাকেন, তা হলে যে আলো দেখানোর জন্য আঙুল তোলা হয়েছিল, সেটিই আর দেখা হবে না।
তাঁর বক্তব্য, ধর্মের আচার-অনুষ্ঠানও অনেকটা সেই আঙুলের মতো। এগুলি মানুষকে একটি নির্দিষ্ট লক্ষ্যের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার পথ দেখায়। কিন্তু মানুষ যদি শুধু আচার বা নিয়ম নিয়েই ব্যস্ত হয়ে পড়ে এবং মূল উদ্দেশ্য ভুলে যায়, তা হলে আসল সত্যের সন্ধান অধরাই থেকে যায়।
‘শেষ সত্যের সন্ধানই আসল লক্ষ্য’
মোহন ভগবতের কথায়, মানুষের আসল উদ্দেশ্য হওয়া উচিত সেই চূড়ান্ত সত্যকে খুঁজে পাওয়া। বিভিন্ন ধর্মে যাকে বিভিন্ন নামে ডাকা হয়, সেই পরম সত্তা বা সত্যের কথাই তিনি তুলে ধরেন।
আধুনিক বিজ্ঞানও এই বিষয়কে অন্যভাবে দেখছে বলে মন্তব্য করেন তিনি। ‘Consciousness’ বা চেতনা-র প্রসঙ্গ তোলেন RSS প্রধান। অর্থাৎ, ধর্মের ভাষা আলাদা হলেও মানুষের অস্তিত্ব, চেতনা এবং সত্যের সন্ধানের প্রশ্নটি সর্বজনীন, বলেন তিনি।