
আমেরিকা ও ইজরায়েল বনাম ইরান যুদ্ধে পরিস্থিতি ক্রমেই ঘোরালো হচ্ছে। ২৪ তম দিনে পড়ল মধ্যপ্রাচ্যের এই যুদ্ধ। সংঘাতের প্রায় শুরু থেকেই হরমুজ প্রণালী বন্ধ করে আমেরিকা-সহ বিশ্বের অন্য দেশের উপর চাপ সৃষ্টি করেছে ইরান। অন্যদিকে আমেরিকার লক্ষ্য হরমুজ খুলে দেওয়া। কিন্তু শোনা যাচ্ছে, এই প্রণালী খোলা নিয়ে বিশ্বের অন্য দেশের গা-ঢিলেমিতে কার্যত ক্ষুব্ধ ও বিরক্ত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। খোদ ন্যাটোর জেনারেল সেক্রেটারি মার্ক রুটে একথা জানিয়েছেন।
মার্কের দাবি, তিনি এই সপ্তাহে ট্রাম্পের সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছেন। তিনি বলেন, "এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ সুরক্ষিত করতে ট্রাম্প চাইছে মিত্রদেশগুলি আরও সক্রিয় ভূমিকা পালন করুক।"
তবে পরিস্থিতির যে বদল এসেছে, তাও স্বীকার করে নিয়েছেন ন্যাটোর জেনারেল সেক্রেটারি। ফক্স নিউজকে দেওয়া একটি সাক্ষাৎকারে রুটে বলেছেন, "পরিস্থিতি বদলাচ্ছে, ওই প্রণালী দিয়ে জাহাজ চলাচল নিশ্চিত করতে এখন ২০টিরও বেশি দেশ একত্রিত হচ্ছে। মনে করা হচ্ছে, ট্রাম্পের পরিকল্পনা বাস্তবায়িত হতে চলেছে।"
তিনি বলেন, "ট্রাম্পের চাপ ফলপ্রসূ হচ্ছে। আন্তর্জাতিক মঞ্চ এখন এই বৈশ্বিক সঙ্কট সমাধানে আরও বেশি দায়িত্ব নিতে ইচ্ছুক বলে মনে হচ্ছে।" রুটের দাবি, এই অভিযানের সাফল্যের জন্য মিত্র দেশগুলোকে ঐক্যবদ্ধ করা অপরিহার্য।
ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন NATO প্রধানের
ন্যাটো প্রধান ইরানের উপর মার্কিন হামলাকে জোরালো সমর্থন জানিয়ে একে সারা পৃথিবীর নিরাপত্তার জন্য একটি প্রয়োজনীয় পদক্ষেপ বলে অভিহিত করেছেন। তিনি জানান, ইরানের পরমাণু ও ব্যালিস্টিক মিসাইল পরিকল্পনা গোটা পৃথিবীর কাছেই হুমকি স্বরূপ। আন্তর্জাতিক শান্তি বজায় রাখতে এই হুমকি মোকাবিলা করা অপরিহার্য।