
হড়পা বানে বিধ্বস্ত নেপাল। তারপরও প্রথমে আন্তর্জাতিক উদ্ধারকারী দলের সাহায্য নিতে চায়নি নেপাল। তবে বিপর্যয়ের পর এখনও বহু বিদেশি নাগরিক নিখোঁজ রয়েছেন। যার ফলে কূটনৈতিক চাপের মুখে সেই সিদ্ধান্ত বদল করল নেপাল সরকার। এবার তারা উদ্ধারকাজে অন্য দেশের সাহায্য নেবে। (ছবি: রয়টার্স)
বুধবার নেপাল সরকার জানিয়েছিল, দেশের নিজস্ব উদ্ধারকারী দলই তল্লাশি অভিযানের কাজে সক্ষম। তাই কোনও বিদেশি উদ্ধারকারী দলকে অনুমতি দেওয়া হবে না।
তবে সেই সিদ্ধান্ত বদলাতে হল ২৪ ঘণ্টার মধ্যেই। এবার সীমিতভাবেই আন্তর্জাতিক সাহায্য নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নেপাল। বিশেষ করে সুড়ঙ্গ থেকে উদ্ধার, ডিএনএ পরীক্ষা এবং ফরেন্সিক পরীক্ষার মতো বিষয়ে বিদেশি বিশেষজ্ঞদের সাহায্য নেওয়া হবে।
নেপাল সরকারের এক সিনিয়র আধিকারিক দ্য কাঠমান্ডু পোস্ট-কে বলেন, 'বিদেশি নাগরিকরাও বন্যায় নিখোঁজ হয়েছেন। তাতে আন্তর্জাতিক মহল থেকে ব্যাপক চাপ এসেছে। অন্তত উদ্ধারকারী দল এবং কিছু বিশেষজ্ঞকে অনুমতি দেওয়ার দাবি উঠেছিল। তাই নির্দিষ্ট কিছু ক্ষেত্রে সীমিত সংখ্যক বিশেষজ্ঞকে অনুমতি দেওয়া হচ্ছে।'
ও দিকে মুখ খুলেছেন নেপালের বিদেশমন্ত্রী শিশির খানাল। তিনি সংবাদ সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, চিন সীমান্তবর্তী হিমালয় অঞ্চলে ভয়াবহ বন্যার পর বিশেষজ্ঞ ও প্রযুক্তিগত ক্ষেত্রে নেপালের বিদেশি সাহায্য প্রয়োজন। তবে সাধারণ তল্লাশি ও উদ্ধার অভিযানে বিদেশি সাহায্যের প্রয়োজন নেই।
প্রসঙ্গত, নেপালে ভয়াবহ হড়পা বানে মৃতের সংখ্যা বেড়েই চলেছে। শুক্রবার নেপাল পুলিশ জানিয়েছে, বন্যায় এখনও পর্যন্ত অন্তত ৫৭৯ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ প্রায় ২,৫০০ জন।
এমন পরিস্থিতিতে নেপালের ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট সেন্টারের একটি কমিটি ভারত, চিন, অস্ট্রেলিয়া এবং দক্ষিণ কোরিয়া থেকে সাহায্য নেবে বলে জানিয়েছে।
এই চার দেশ থেকে বিশেষজ্ঞ ও প্রযুক্তিবিদরা সুড়ঙ্গ থেকে উদ্ধার অভিযান, ডিএনএ পরীক্ষা এবং ফরেন্সিক পরীক্ষায় সাহায্য করবেন।
আরও বেশ কয়েকটি দেশ নেপালকে ত্রাণ সাহায্যের পাশাপাশি বিশেষজ্ঞ দল পাঠানোর প্রস্তাব দিয়েছে। তবে সব প্রস্তাব এখনও গ্রহণ করেনি নেপাল।
সাহায্যের হাত বাড়িয়েছে ভারত
বন্যার পর থেকেই নেপালের উদ্দেশে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে ভারত। সুড়ঙ্গ উদ্ধারকারী দল, মেডিক্যাল টিম এবং জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-র সদস্য পাঠানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এমনটা জানিয়েছেন ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শুক্রবার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর নেপালের বিদেশমন্ত্রী শিশির খানালের সঙ্গে কথা বলেন। তিনি জানান, নয়াদিল্লি নেপালকে বিভিন্ন ধরনের সাহায্যের প্রস্তাব দিয়েছে।
জয়শঙ্কর আরও জানান, ১০ টন ত্রাণসামগ্রী নিয়ে ভারতের তৃতীয় বিমানটি কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছে। ওই ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে পোর্টেবল জেনারেটর, ডিগনিটি কিট, খাবারের প্যাকেট এবং জল পরিশোধনের ট্যাবলেট।
ভারতের চতুর্থ দফার ত্রাণসামগ্রীর সঙ্গে ১১ সদস্যের একটি দল ও নেপালে পাঠানো হয়েছে। ওই দলে চিকিৎসক, প্যারামেডিক এবং সুড়ঙ্গ উদ্ধার বিশেষজ্ঞরা রয়েছেন।