Advertisement

Petrol Diesel Price: পেট্রোল লিটার প্রতি ৪৫৮, ডিজেল ৫২০! পাকিস্তানে রকেট গতিতে বাড়ল জ্বালানির দাম

পাকিস্তানে আকাশ ছুঁল ডিজেল এবং পেট্রোলের দাম। যুদ্ধের গুঁতোয় রকেট গতিতে জ্বালানির দাম বাড়িয়ে দিল পাকিস্তানে। কত টাকায় বিকোচ্ছে লিটার প্রতি?

প্রতীকী ছবি প্রতীকী ছবি
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 03 Apr 2026,
  • अपडेटेड 8:19 AM IST
  • ডিজেল এবং পেট্রোলের দাম আকাশ ছুঁয়েছে
  • রকেট গতিতে পেট্রোল ও ডিজেলের দাম বাড়াল পাকিস্তান
  • কত টাকায় বিকোচ্ছে লিটার প্রতি পেট্রোল ও ডিজেল?

মধ্যপ্রাচ্যে চলা সংঘাতের জেরে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে গিয়েছে। এর ধাক্কা সামাল দিতে পারল না পাকিস্তান। পেট্রোল এবং ডিজেলের দাম বহুগুণ বাড়িয়ে দিল পড়শি দেশটি। এক মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার বাড়ল পাকিস্তানে জ্বালানির দাম। 

ডিজেলের দাম ৫৪.৯% বাড়িয়ে লিটার প্রতি ৫২০.৩৫ পাকিস্তানি রুপি (ভারতীয় মুদ্রায় ১৭৩.২৩ টাকা) করা হয়েছে। অন্যদিকে পেট্রোলের দাম ৪২.৭% বাড়িয়ে লিটার প্রতি ৪৫৮.৪০ রুপি (ভারতীয় মুদ্রায় ১৫২.৬০ টাকা) নির্ধারণ করা হয়েছে। নতুন দাম শুক্রবার থেকে কার্যকর হবে। 

পাকিস্তানের পেট্রোলিয়াম মন্ত্রী আলি পারভেজ মালিক জানান, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় এই মূল্যবৃদ্ধি অনিবার্য ছিল। তিনি বলেন, 'আমেরিকা-ইরান যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে তেলের দাম বেড়ে যাওয়ায় সরকারকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে।' সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন দেশের অর্থমন্ত্রী মুহাম্মদ ঔরঙ্গজেবও। 

এর আগে গত মাসেও পাকিস্তান প্রায় ২০% হারে জ্বালানির দাম বাড়িয়েছিল। তখনও আমেরিকা ও ইজরায়েলের সঙ্গে ইরানের সংঘাতের কারণে তেলের দাম বেড়েছিল বলে জানানো হয়। 

নতুন এই মূল্যবৃদ্ধির ফলে দেশে মুদ্রাস্ফীতি আরও বাড়তে পারে এবং সাধারণ মানুষের উপর আর্থিক চাপ বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। পাকিস্তান মূলত সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরশাহি থেকে তেল আমদানি করে, যা হরমুজ প্রণালী দিয়ে আনা হয়। 

এই পরিস্থিতিতে সরকার কিছু লক্ষ্যভিত্তিক সহায়তার ঘোষণা করেছে। ২ চাকার যানবাহনের ব্যবহারকারীদের জন্য লিটার প্রতি ১০০ পাকিস্তানি মুদ্রা ভর্তুকি দেওয়া হবে। যা মাসে সর্বোচ্চ ২০ লিটার পর্যন্ত এবং ৩ মাসের জন্য প্রযোজ্য হবে। 

এছাড়া কৃষিখাতে সহায়তা করতে ছোট কৃষকদের প্রতি একরে এককালীন ১ হাজার ৫০০ পাকিস্তানি মুদ্রা ভর্তুকি দেওয়া হবে। ঔরঙ্গজেব জানান, পাকিস্তানের GDP-র প্রায় ২৪% আসে কৃষিখাত থেকে। তাই এটি দেশের খাদ্য নিরাপত্তার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। 

মন্ত্রী আরও জানান, গত তিন সপ্তাহে সরকার প্রায় ১২৯ বিলিয়ন ভর্তুকি দিয়েছে। তবে সীমিত সম্পদের কারণে এবং যুদ্ধ শেষ না হওয়ায় দীর্ঘদিন ধরে এই ভর্তুকি চালিয়ে যাওয়া সম্ভব নয়।

Advertisement

এদিকে বিশ্ববাজারে তেলের দাম এখনও অস্থির। বৃহস্পতিবার আমেরিকায় তেলের দাম ১১%-র বেশি বেড়েছে। আর ব্রেন্ট ক্রুডের দাম ৭%-র বেশি বৃদ্ধি পেয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামরিক অভিযান জোরদার করার ঘোষণা করায় এই ঊর্ধ্বগতি আরও তীব্র হচ্ছে। 

 

Read more!
Advertisement
Advertisement