
ভারত ও নেপাল সম্পর্কের মুকুটে নতুন পালক। সোমবার দিল্লি থেকে ভার্চুয়ালি সরযূ-কমলা এক্সপ্রেসের সূচনা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং নেপালের প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ। এই ট্রেনটি উত্তরপ্রদেশের অযোধ্যার সঙ্গে নেপালের জনকপুরকে জুড়ে দেবে। পাশাপাশি গুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়েও আলোচনা করবেন দুই রাষ্ট্রনেতা। তাঁদের মধ্যে জ্বালানি, জলবিদ্যুৎ, রেল পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়েও আলোচনা হবে।
শাহের দু'দিনের ভারত সফরের অন্যতম গুরুত্বপূর্ণ প্রাপ্তি হতে চলেছে সরাসরি ট্রেন পরিষেবার সূচনা। ২০২৬ সালের মার্চ মাসে দায়িত্ব গ্রহণের পর এটিই তাঁর প্রথম দ্বিপাক্ষিক বিদেশ সফর। অযোধ্যায় এই ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও।
রামায়ণ সার্কিটকে আরও শক্তিশালী করবে অযোধ্যা-জনকপুর ট্রেন
সরযূ-কমলা এক্সপ্রেস আগামী ২৮ নভেম্বর থেকে নিয়মিত পরিষেবা শুরু করবে। অযোধ্যা ক্যান্টনমেন্ট থেকে জনকপুর ধাম পর্যন্ত ৬০৪ কিলোমিটার পথ অতিক্রম করতে ট্রেনটির প্রায় ১৯ ঘণ্টা সময় লাগবে। তবে ভাল খবর হল, এই যাত্রার সময় যাত্রীদের ট্রেন পরিবর্তন করতে হবে না।
রেল সূত্রে জানা গিয়েছে, এই ট্রেনটি সপ্তাহে এক দিন চলবে। প্রতি সোমবার বিকেল ৫টা ৫০ মিনিটে অযোধ্যা থেকে ছেড়ে মঙ্গলবার নেপালের স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে জনকপুর পৌঁছবে। ফেরার পথে প্রতি শনিবার দুপুর ১টা ১০ মিনিটে জনকপুর থেকে ছাড়বে। আর রবিবার সকাল ৮টা ১০ মিনিটে অযোধ্যায় পৌঁছবে।
ট্রেনটি মানকাপুর, বস্তি, গোরক্ষপুর, নরকটিয়াগঞ্জ, রক্সৌল, সীতামঢ়ী, শিশো, মধুবনী এবং জয়নগর হয়ে চলবে।
এই ট্রেনে থাকবে আধুনিক ১৭টি কোচের এলএইচবি রেক। এর মধ্যে থাকবে আটটি এসি কোচ, সাতটি স্লিপার কোচ, একটি লাগেজ ও বিশেষভাবে সক্ষম যাত্রীদের জন্য নির্ধারিত কোচ এবং একটি পাওয়ার কার।
হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, অযোধ্যা হল ভগবান রামের জন্মস্থান এবং জনকপুর দেবী সীতার জন্মস্থান। রামায়ণ ঐতিহ্যের সঙ্গে যুক্ত এই দুই স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরাসরি রেল যোগাযোগ চালু হলে রামায়ণ সার্কিট আরও শক্তিশালী হবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি ধর্মীয় পর্যটনে গতি আসবে।
জ্বালানি, জলবিদ্যুৎ ও যোগাযোগ ব্যবস্থায় জোর
এদিকে সোমবার মোদী ও শাহের বৈঠকে জ্বালানি, জলবিদ্যুৎ, রেল পরিষেবা, যোগাযোগ ব্যবস্থা এবং পরিকাঠামো উন্নয়নের বিষয়গুলি বিশেষ গুরুত্ব পেতে পারে বলে খবর।
রবিবার দুপুরে নয়াদিল্লিতে পৌঁছন শাহ। তাঁকে স্বাগত জানান কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। সন্ধ্যায় নেপালের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও।
এক্স হ্যান্ডেলে জয়শঙ্কর লেখেন, 'নেপালের সঙ্গে বিশেষ বন্ধুত্বকে ভারত অত্যন্ত গুরুত্ব দেয়। আগামীকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর বৈঠক ও অন্যান্য কর্মসূচির দিকে তাকিয়ে রয়েছি।'
জ্বালানি নিয়েও আলোচনা
ভারত নেপালের বৃহত্তম বাণিজ্য, ট্রানজিট এবং বিনিয়োগের পার্টনার। হিমালয়ের এই দেশটি ভারতীয় বাজারে শুল্কমুক্ত প্রবেশাধিকার পেয়ে থাকে। নেপালের পণ্য রফতানির প্রায় ৮০ শতাংশই ভারতে আসে। অন্যদিকে নেপালে যাওয়ার মোট প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগের প্রায় এক-তৃতীয়াংশই করে ভারত।
দুই দেশের আলোচনায় জ্বালানি সেক্টরে কোঅপারেশন বিশেষ গুরুত্ব পেতে পারে। দীর্ঘমেয়াদি বিদ্যুৎ বাণিজ্য চুক্তির আওতায় আগামী ১০ বছরে নেপাল থেকে সর্বোচ্চ ১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ আমদানির পরিকল্পনা করেছে ভারত। বর্তমানে প্রতিবেশী দেশটি থেকে বছরে প্রায় ১২০০ মেগাওয়াট বিদ্যুৎ আমদানি করে ভারত।
আর কী অ্যাজেন্ডা?
গত মে মাসে শাহ ভারত-নেপাল দীর্ঘদিনের সীমান্ত বিবাদ মেটানোর ক্ষেত্রে চিন ও ব্রিটেনকে যুক্ত করার প্রস্তাবে দুই দেশের সম্পর্কে কিছুটা অস্বস্তি তৈরি হয়েছিল।
অবশ্য নয়াদিল্লি সীমান্ত বিবাদ মেটানোর ক্ষেত্রে কোনও তৃতীয় পক্ষের ভূমিকা খারিজ করে দেয়। ভারতের বক্তব্য, এই সমস্যা সমাধানের জন্য দুই দেশের মধ্যে একটি প্রতিষ্ঠিত দ্বিপাক্ষিক ব্যবস্থা রয়েছে।
এই সীমান্ত বিবাদের কেন্দ্রে রয়েছে লিপুলেখ, লিম্পিয়াধুরা এবং কালাপানি অঞ্চল। ভারতের দাবি, এই এলাকাগুলি উত্তরাখণ্ডের অন্তর্গত।