
এক ফ্রেমে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, চিনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এসসিও শীর্ষ সম্মেলনে একসঙ্গে দেখা গেল তিন রাষ্ট্রনেতাকে। এদিন জিনপিং ও পুতিনের সঙ্গে হাসিমুখে কথা বলছিলেন প্রধানমন্ত্রী মোদী। তখন তাঁদের পাশ দিয়ে চুপচাপ চলে যেতে দেখা গেল পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। সেই ভিডিয়ো ঝড়ের গতিতে ছড়াচ্ছে সোশ্যাল মিডিয়ায়। কিরগিজস্তানের রাজধানী বিশকেকে সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন বা এসসিও-র সামিট চলছে। সম্মেলনে যোগ দিয়েছেন ভারত, চিন, রাশিয়া, পাকিস্তান-সহ একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। একাধিক দেশের প্রধানের সঙ্গে দেখা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেখানকারই একটি ভিডিয়োয় দেখা যায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চিনের প্রেসিডেন্ট শি জিনপিং একসঙ্গে এগিয়ে আসছেন। তাঁদের সামনে ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জিনপিং সামনে আসতেই মোদীর দিকে হাত বাড়িয়ে দেন। দু’জন করমর্দন করেন। একইসঙ্গে ভ্লাদিমির পুতিনের সঙ্গেও সৌজন্য় বিনিময় করেন প্রধানমন্ত্রী।
পুতিনকে প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে মঞ্চের দিকে এগিয়ে যেতে দেখা যায়। মোদীর পিঠে হাত রেখে তাঁকে মঞ্চ পর্যন্ত যান রুশ প্রেসিডেন্ট। পরে নিজের নির্দিষ্ট আসনের দিকে চলে যান পুতিন।
এই সময়ই সেখানে দেখা যায় পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে। ভিডিয়োয় তাঁকে মোদী, জিনপিং এবং পুতিনের কাছ দিয়ে নীরবে নিজের জায়গার দিকে এগিয়ে যেতে দেখা যায়। তিন রাষ্ট্রনেতাকে ঘিরে যখন বেশ কয়েক জনের ভিড়, তখন তাঁদের পিছন দিয়ে এগিয়ে যান শাহবাজ। এই দৃশ্যটিই সোশ্যাল মিডিয়ায় সকলের নজর কেড়েছে।
এসসিও সম্মেলন থেকে প্রধানমন্ত্রী মোদী কয়েকটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। ছবিতে পুতিনের পাশে দাঁড়িয়ে থাকতে দেখা যায় শাহবাজ শরিফকে। অন্য একটি ছবিতে মোদীর সঙ্গে ছিলেন রাশিয়ার ঘনিষ্ঠ মিত্র তথা বেলারুশের প্রেসিডেন্ট আলেকজ়ান্ডার লুকাশেঙ্কো এবং ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।