
'কি? ঝালমুড়ি এখানেও পৌঁছে গিয়েছে?' প্রধানমন্ত্রীর মন্তব্যে হাততালির ঝড় তুললেন প্রবাসী ভারতীয়রা।যেন মুহূর্তের মধ্যে 'মিনি বেঙ্গলে' পরিণত হল নেদারল্যান্ডসের দ্য হেগের বিশাল কমিউনিটি হল। পশ্চিমবঙ্গে গেরুয়া ঝড়ের রেশ পৌঁছে গিয়েছে ওলন্দাজদের মাটিতেও।
শনিবার প্রবাসী ভারতীয়দের সামনে বক্তব্য রাখছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই সময় বিধানসভা নির্বাচনের প্রসঙ্গ তোলেন। বলেন, 'আপনাদের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের উদাহরণ দিচ্ছি। অসম, পশ্চিমবঙ্গ...'। এটুকু বলতেই দর্শকদের মধ্যে থেকে কেউ ‘ঝালমুড়ি’ বলে ওঠেন। তুমুল হাততালি শুরু হয়। তার পরই হেসে প্রধানমন্ত্রী বলেন, 'কি? ঝালমুড়ি এখানেও পৌঁছে গিয়েছে?' তাঁর এই মন্তব্যে ফের উচ্ছ্বাসে ফেটে পড়ে সভাঘর।
এর পর ভোটদানে মানুষের অংশগ্রহণ নিয়ে বলেন মোদী। বলেন, 'অসম, বাংলা, কেরল, তামিলনাড়ু এবং পুদুচেরিতে এ বার ৮০-৯০ শতাংশ ভোট পড়েছে। মহিলাদের অংশগ্রহণও বেড়েছে। এটা এখন সব রাজ্যেরই ট্রেন্ড।'
প্রধানমন্ত্রী আরও বলেন, 'আজ ভারতে ভোটাররা উৎসাহিত। আমাদের গর্ব হয়, প্রতি বছর ভোটিংয়ের রেকর্ড ভাঙছে।” তাঁর বক্তব্য অনুযায়ী, ভারতে বর্তমানে ৯০ কোটিরও বেশি নথিভুক্ত ভোটার রয়েছেন। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে ৬৪ কোটি মানুষ ভোট দিয়েছেন বলেও দাবি করেন তিনি। তাঁর কথায়, 'গোটা ইউরোপীয় ইউনিয়নের মোট জনসংখ্যার থেকেও বেশি ভারতীয় ভোটদান করেছেন।'
প্রসঙ্গত, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের প্রচারে ঝালমুড়ি রীতিমতো ভাইরাল টপিক ছিল।
গত ১৯ এপ্রিল ঝাড়গ্রামে নির্বাচনী প্রচারের ফাঁকে আচমকাই রাস্তার ধারের একটি দোকানে দাঁড়িয়ে ঝালমুড়ি খেয়েছিলেন প্রধানমন্ত্রী। স্থানীয় বিক্রেতার সঙ্গে কথা বলেন। ১০ টাকা দিয়ে ঝালমুড়ির দামও মেটান। সেই ভিডিও কয়েক ঘণ্টার মধ্যেই সমাজমাধ্যমে ভাইরাল হয়ে যায়।
কিছুক্ষণের মধ্যেই 'ঝালমুড়ি' শব্দটি গুগলে ট্রেন্ড করতে শুরু করে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সভা-সমাবেশের বাইরে, রাস্তায় নেমে এই জনসংযোগ তৈরির কৌশল ভালই কাজে দিয়েছে বিজেপির।