
নেদারল্যান্ডসের হেগ শহর বিশ্বজুড়ে শান্তির শহর হিসেবে পরিচিত। সেখানে ভারতীয়দের উদ্দেশে ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, 'এই দশকটি বিশ্বের জন্য দুর্যোগের দশকে পরিণত হয়েছে। পরিস্থিতির উন্নতি না হলে আগামী দশকগুলিতে এর জন্য চরম মূল্য দিতে হতে পারে।'
এছাড়াও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ১৬ মে দিনটিকে অত্যন্ত বিশেষ দিন হিসেবে বর্ণনা করেছেন। তিনি উল্লেখ করেছেন, 'আজ থেকে ১২ বছর আগে ২০১৪ সালের লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছিল।'
এদিন প্রধানমন্ত্রী বলেন, 'আজকের ভারত বড় স্বপ্ন দেখে। ভারত চাঁদে পৌঁছে ইতিহাসও সৃষ্টি করেছে, যেখানে এর আগে বিশ্বের অন্য কোনও দেশ পৌঁছতে পারেনি।' তাঁর কথায়, 'সময়ের সঙ্গে সঙ্গে অনেক কিছু বদলে গিয়েছে। কিন্তু ভারতীয় সংস্কৃতি মানুষের হৃদয়ে গভীর ভাবে প্রোথিত রয়েছে। সময় বদলেছে, কিন্তু মূল্যবোধ ও আপন করে নেওয়ার বিষয়টি চিরন্তন।'
প্রধানমন্ত্রী মোদী ৫ দেশের সফরে রয়েছেন এবং শনিবার নেদারল্যান্ডসে পৌঁছে গিয়েছেন। সেখানে তিনি বলেছেন, 'ভারত চিপ উৎপাদন এবং সেমিকন্ডাক্টর খাতে দ্রুত উল্লেখযোগ্য অগ্রহতি করছে। দেশে বর্তমানে ১২টি সেমিকন্ডাক্টপ কারখানার কাজ চলছে। যার মধ্যে ২টি ইতিমধ্যেই উৎপাদন শুরু করেছিল। দেশটি বিশ্বের বৃহত্তম সরকারি অর্থায়নে পরিচালিত স্বাস্থ্য বীমা প্রকল্প পরিচালনা করে।'
নেদারল্যান্ডসে ভারতের শক্তির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, 'UPI লেনদেনের ক্ষেত্রে ভারত উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। বর্তমানে ভারতে দুই লক্ষেরও বেশি স্টার্টআপ সক্রিয় রয়েছে।'
সবশেষে তাঁর সংযোজন, 'নেদারল্যান্ডস যেমন বিশ্বজুড়ে টিউলিপ ফুলের জন্য পরিচিত। ভারতও তেমনি পদ্মফুলের জন্য বিখ্যাত।'