
মধ্যপ্রাচ্যে যুদ্ধের মাঝে ভারতের অলিম্পিক পদকজয়ী ব্যাডমিন্টন তারকা পিভি সিন্ধু আটকে পড়েছেন দুবাইতে। তিনি জানিয়েছেন, ইরানে হামলার জেরে দুবাই বিমানবন্দরেই আশ্রয় তিনি হয়েছে তাঁকে ও তাঁর টিমকে। বিমানবন্দরের কাছেই একটি বিস্ফোরণ ঘটেছে। উত্তেজক এবং ভয়ের এই আবহে আতঙ্কিত হয়ে পড়েছেন ব্যাডমিন্টন তারকা।
পিভি সিন্ধু জানিয়েছেন, বিস্ফোরণের সময়ে তাঁর কোচ সবচেয়ে বিপজ্জনক জায়গায় ছিলেন। ধোঁয়াও ধ্বংসাবশেষের মধ্যে থেকে দ্রুত তাঁকে বের করে আনা সম্ভব হয়। তিনি বলেন, 'কয়েক ঘণ্টা আগে বিমানবন্দরের যে স্থানে আমরা ছিলাম, তার খুব কাছে একটি বিস্ফোরণ হয়। আমার কোচকে দ্রুত এলাকা ছাড়তে হয়। তিনি ধোঁয়া ও ধ্বংসাবশেষের মধ্যে আটকে পড়েছিলেন। আমরা অত্যন্ত ভয় পেয়ে গিয়েছিলাম।'
পরবর্তীতে পিভি সিন্ধু জানান, বর্তমানে তাঁরা নিরাপদ আছেন সকলেই। আরও সুরক্ষিত স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাঁদের টিমকে। দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের দ্রপত পদক্ষেপের জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি দুবাইতে অবস্থিত ভারতীয় হাই কমিশনের প্রতিও ধন্যবাদ জানান।
পিভি সিন্ধু তাঁর এক্স হ্যান্ডল অ্যাকাউন্টে এই অভিজ্ঞতা শেযার করেছেন। তিনি জানিয়েছে, পরিস্থিতি শান্ত হওয়ায় আপাতত বিশ্রাম নিচ্ছেন তাঁরা।
কীভাবে দুবাইয়ে আটকে পড়লেন সিন্ধু?
সিন্ধু বার্মিংহামে 'ALL England Open'-এ অংশ নিতে যাচ্ছিবেন, যা মঙ্গলবার শুরু হওয়ার কথা। দুবাই ছিল তাঁর ট্রানজিট পয়েন্ট। কিন্তু সেখানে দ্রুত উত্তেজক পরিস্থিতি তৈরি হওয়ায় হঠাৎ করেই উড়ান পরিষেবা বন্ধ করে দেওয়া হয়। ফলে বিশ্বের অন্যতম ব্যস্ত বিমানবন্দরগুলি কার্যত অচল হয়ে পড়ে। হাজার হাজার যাত্রী আটকে পড়েন। এর আগে পিভি সিন্ধু ইনস্টাগ্রামে বিমানবন্দরের ভিতরের কিছু দৃশ্য শেয়ার করেন। জানান, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সমস্ত ফ্লাইট স্থগিত করে দেওয়া হয়েছে। এই আপডেট দ্রুত ছড়িয়ে পড়ে এবং স্পষ্ট হয়ে ওঠে, মধ্যপ্রাচ্যে উত্তেজনার প্রভাব সংঘাতের অঞ্চল ছাড়িয়ে বহু দূর পর্যন্ত পৌঁছয়।
পরবর্তীতে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষ নিশ্তিত করে, দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর, উভয়ের কার্যক্রমই সাময়িক ভাবে স্থগিত রাখা হয়েছে। যাত্রীদের টার্মিনালে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতোল্লাহ আলি খামেনেইয়ের মৃত্যর পর টানা দ্বিতীয় দিন দুবাই ও দোহায় একাধিক জোরাল বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, দুবাই এবং দোহার আকাশে প্রবল শব্দে বিস্ফোরণ হয়েছে। আমেরিকা ও ইজরায়েলের হামলার জবাবে ইরান উপসাগরীয় অঞ্চলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রাখায় এই বিস্ফোরণের ঘটনা ঘটে।
খবর অনুযায়ী, তেহরানের বৃহত্তর প্রতিশোধমূলক অভিযানের অংশ হিসেবে প্রতিবেশি দেশগুলিতে অবস্থিত আমেরিকার ঘাঁটি ও অন্যান্য স্থাপত্য লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে। এই উত্তেজনা আরও বেড়ে যায় খামেনেইয়ের মৃত্যুর পর। পরিস্থিতি সার্বিক ভাবে উদ্বেগজনক হয়ে গিয়েছে মধ্যপ্রাচ্যে।