
মুসলিমদের পবিত্র শহর মক্কায় হঠাৎ রেড অ্যালার্ট! সৌদি আরবের এই গুরুত্বপূর্ণ ধর্মীয় শহরে সম্ভাব্য আকাশপথের বিপদের সতর্কতা জারি করল সৌদি সিভিল ডিফেন্স। একইসঙ্গে জেদ্দা ও তাইফেও জারি হয় সতর্কতা। যদিও কিছুক্ষণের মধ্যেই মক্কা-সহ ওই শহরগুলিতে বিপদ কেটে যাওয়ার কথা জানানো হয়, তবুও হুথিদের সাম্প্রতিক একের পর এক হামলার মধ্যে মুসলিমদের পবিত্র শহর মক্কায় এই সতর্কতা ঘিরে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
মক্কায় কেন জারি হল সতর্কতা?
সৌদি আরবের ন্যাশনাল আর্লি ওয়ার্নিং প্ল্যাটফর্মের মাধ্যমে মক্কা শহরের বাসিন্দাদের সম্ভাব্য বিপদের বিষয়ে সতর্ক করা হয়। তাঁদের সরকারি নির্দেশিকা মেনে চলতে বলা হয়। পরে সৌদি সিভিল ডিফেন্স জানায়, মক্কায় বিপদের পরিস্থিতি কেটে গিয়েছে। একইভাবে জেদ্দা ও তাইফেও সতর্কতা প্রত্যাহার করা হয়। তারপরও যদিও সৌদি সিভিল ডিফেন্স সাধারণ মানুষকে জমায়েত না করতে এবং বিপদের পরিস্থিতিতে ছবি বা ভিডিয়ো না তুলতে পরামর্শ দিয়েছে। জরুরি পরিস্থিতিতে ৯১১ নম্বরে যোগাযোগের নির্দেশও দেওয়া হয়েছে।
হুথিদের হামলায় ১৩ জন আহত
এই সতর্কতা দেওয়ার কারণ একদিনের আগের হামলা। মঙ্গলবার ইয়েমেন থেকে সৌদি আরবের দিকে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানো হয়েছিল। ওই হামলায় সৌদি আরবের দক্ষিণাঞ্চলে ১৩ জন আহত হন বলে AFP-র রিপোর্টে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, সম্প্রতি সৌদি আরবের একাধিক শহর ও গুরুত্বপূর্ণ পরিকাঠামোকে লক্ষ্য করে হুথিদের হামলা বেড়েছে। ফলে সীমান্তবর্তী ও পশ্চিমাঞ্চলীয় এলাকাগুলিতে নিরাপত্তা সতর্কতা বাড়ানো হয়েছে।
মক্কা নিয়ে বাড়তি উদ্বেগ
মক্কা বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় শহর। সেখানে কাবা শরিফ ও মসজিদ আল-হারাম অবস্থিত। তবে মক্কাকে লক্ষ্য করে হামলা চালানোর অভিযোগ হুথিদের পক্ষ থেকে অস্বীকার করা হয়েছে। হুথি পলিটব্যুরোর সদস্য হাজেম আল-আসাদ সৌদি নেতৃত্বাধীন জোটের দাবিকে প্রত্যাখ্যান করেছেন। তাঁর বক্তব্য, মক্কাকে লক্ষ্য করার অভিযোগ পুরনো ধরনের প্রচার। একইসঙ্গে তিনি জানিয়েছেন, সৌদি আরবের বিরুদ্ধে ইয়েমেনের পাল্টা প্রতিক্রিয়া চলবে এবং তা আরও বাড়তে পারে বলে দাবি করেছেন।
মদিনাগামী বিমান পরিষেবাতেও প্রভাব
এই পরিস্থিতির মধ্যে মদিনার প্রিন্স মহম্মদ বিন আব্দুল আজিজ যাওয়ার বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ করা হয়েছিল বলে রিপোর্টে দাবি করা হয়েছে। অন্যদিকে, ইয়েমেনের তাইজ শহরের কাছে সৌদি সমর্থিত ইয়েমেনি সরকারি বাহিনী ও সৌদি বাহিনীর হামলার খবরও সামনে এসেছে। ফলে সৌদি আরব ও হুথিদের মধ্যে সংঘাত আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
লড়াই ছড়াচ্ছে লোহিত সাগর ঘিরেও
সৌদি আরব ও হুথিদের সংঘাতের প্রভাব শুধু দুই দেশের সীমান্তে আটকে নেই। লোহিত সাগরের গুরুত্বপূর্ণ জলপথ নিয়েও উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বাব আল মানদেব প্রণালীকে ঘিরে পরিস্থিতি আন্তর্জাতিকভাবে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। এই জলপথ দিয়ে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহণের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে থাকে।
সব মিলিয়ে মক্কা, জেদ্দা ও তাইফে অল্প সময়ের জন্য জারি হওয়া সতর্কতা সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতির নতুন উদ্বেগের দিকটি সামনে এনেছে। যদিও ওই সতর্কতা পরে প্রত্যাহার করা হয়েছে, হুথিদের সঙ্গে সৌদি আরবের সংঘাত এবং লোহিত সাগরের নিরাপত্তা পরিস্থিতি এখনও যথেষ্ট উত্তেজনাপূর্ণ।