
ভারতের ঐতিহাসিক রত্ন কোহিনূর ফেরানোর দাবি নতুন নয়, তবে এবার সেই দাবিতে নতুন করে জোর দিলেন নিউ ইয়র্কের নবনির্বাচিত মেয়র জোহরান মামদানি। তিনি জানিয়েছেন, ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস-এর সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলার সুযোগ পেলে কোহিনূর হিরেটি ভারতকে ফিরিয়ে দেওয়ার অনুরোধ জানাতেন।
সম্প্রতি ৯/১১ স্মারক অনুষ্ঠানের আগে সংবাদমাধ্যমের সঙ্গে আলাপচারিতায় নিজের এই অবস্থান স্পষ্ট করেন মামদানি। তাঁর মতে, ঔপনিবেশিক অতীতের বহু প্রতীক আজও বিভিন্ন দেশে রয়ে গেছে, এবং সেগুলির ন্যায্য মালিকদের কাছে ফেরত দেওয়া উচিত।
একসময় কোহিনূর ছিল ভারতীয় শাসকদের ঐশ্বর্য ও ক্ষমতার প্রতীক। ১৮৪৯ সালে পাঞ্জাব দখলের পর লাহোর চুক্তির মাধ্যমে এই মূল্যবান হীরাটি ব্রিটিশদের হাতে তুলে দেওয়া হয়। তারপর থেকেই এটি ব্রিটিশ রাজপরিবারের সম্পদ হিসেবে পরিচিতি পায়। রানি দ্বিতীয় এলিজাবেথ এবং রাজা ষষ্ঠ জর্জের স্ত্রীর মুকুটে এই হীরা বসানো ছিল। বর্তমানে এই ঐতিহাসিক রত্নটি লন্ডনের টাওয়ার অফ লন্ডন-এ প্রদর্শিত হচ্ছে।
উল্লেখ্য, ভারত সরকার দীর্ঘদিন ধরেই কোহিনূর ফেরানোর দাবি জানিয়ে আসছে। তাদের দাবি, ঔপনিবেশিক শাসনের সময় এই হীরা অন্যায়ভাবে ব্রিটিশদের হাতে গিয়েছিল। নিউ ইয়র্কের মেয়রের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে ফের একবার সেই দাবিকে জোরালো করে তুলেছে।