
বৃহস্পতিবার বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কির সঙ্গে সাক্ষাৎ করেন। দুই নেতা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠার উপায় নিয়ে আলোচনা সারেন। এস জয়শঙ্কর বলেন, 'এই যুদ্ধ থামাতে ভারত যে কোনও ধরনের সহায়তা করতে প্রস্তুত।' এদিকে তিনি ইউক্রেনে উপস্থিত থাকাকালীনই রুশ বাহিনী ড্রোন হামলা চালায়। জয়শঙ্কর সহ ভারতীয় প্রতিনিধিদলকে সেই হামলার হাত থেকে বাঁচিয়েছেন বলে দাবি করেন জেলেনস্কি।
বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদেমির জেলেনস্কি সোশ্যাল মিডিয়ায় ভারতের স্পষ্ট অবস্থানের জন্য ধন্যবাদ জানান। তিনি লেখেন, 'এই যুদ্ধ থামানোর জন্য ভারতের অঙ্গীকারে আমরা কৃতজ্ঞ। এটা অবশ্যই যুদ্ধের সময় নয়, শান্তি প্রয়োজন এবং ভারতের অবস্থান এই নিয়ে খুব স্পষ্ট। আজ যখন ভারতের বিদেশমন্ত্রী আমাদের সঙ্গে কিয়েভে ছিলেন, তখনই রাশিয়া ইরানের তৈরি শাহেদ ড্রোন নিয়ে হামলা চালায়। আমাদের বিমানবাহিনীর যুদ্ধবিমান সজাগ ছিল। সে কারণেই ভারতের প্রতিনিধিদল নিরাপদ ছিল।'
কৃষ্ণ সাগরে বাণিজ্যিক জাহাজ ও খাদ্য সরবরাহ করিডোরে রাশিয়ার হামলায় উদ্বেগ প্রকাশ করে জেলেনস্কি বলেন, 'বিশ্বে খাদ্য নিরাপত্তায় প্রধান শক্তিধর দেশগুলিকে অবশ্যই ঐক্যবদ্ধ হতে হবে।' জেলেনস্কির সঙঅগে সাক্ষাতের আগে অবশ্য এস জয়শঙ্কর ইউক্রেনের বিদেশমন্ত্রী আন্দ্রি সিবিহার সঙ্গে পরিস্থিতির বিস্তারিত তথ্য নিয়েছেন। এক যৌথ বিবৃতিতে তাঁরা জানিয়েছেন, ভারত বরাবরই বলে এসেছে, এটি যুদ্ধের সময় নয় এবং যুদ্ধক্ষেত্র কোনও সমস্যার সমাধান করবে না।
জয়শঙ্কর বলেছেন, 'এই সফর এমন একটি সময়ে হচ্ছে যখন রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত তীব্রতর হচ্ছে। দু'দিন আগে কিয়েভে হামলায় একজন ভারতীয় নাগরিকও নিহত হয়েছেন। নিহতের পরিবারের প্রতি আমি সমবেদনা জানাচ্ছি। এই যুদ্ধে প্রাণহানি অত্যন্ত মর্মান্তিক।'
বিদেশমন্ত্রী আরও জানান, ভারত ইউক্রেনকে মানবিক সহায়তা দিয়ে আসছে এবং ভবিষ্যতেও দেবে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যিক আলোচনাও হয়েছে। জয়শঙ্কর জানিয়েছেন, ভারত ও ইউক্রেনের মধ্যে বাণিজ্য ওষুধ, খাদ্য ও কৃষি পণ্য, সার, যন্ত্রপাতি, রাসায়নিক এবং ভোগ্যপণ্য সহ বিভিন্ন ক্ষেত্র জুড়ে বিস্তৃত। তবে যুদ্ধ এবং সরবরাহ সংক্রান্ত চ্যালেঞ্জের কারণে গত ৪ বছরে এটি ব্যাহত হয়েছে। তিনি উল্লেখ করেন, তা সত্ত্বেও বাণিজ্যিক সম্পর্ক এখনও শক্তিশালী রয়েছে এবং কিছু নতুন সুযোগও তৈরি করেছে।