Advertisement

Russia Attacks Ukraine Kyiv: ফের ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, কিভে আছড়ে পড়ল ‘ওরেসনিক’ মিসাইল

Russia Attacks Ukraine Kyiv: সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, রাতের অন্ধকার চিরে ধেয়ে আসছে আগুনের গোলক, আর তার পরেই কানফাটানো আওয়াজে কেঁপে উঠছে মাটি। বিশেষ করে কিভের লুকিয়ানিভকা এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, দাউদাউ করে জ্বলছে আগুন।

Russia Attacks Ukraine Kyiv: ফের ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, কিভে আছড়ে পড়ল মারণাস্ত্র ‘ওরেসনিক’Russia Attacks Ukraine Kyiv: ফের ইউক্রেনে ভয়াবহ হামলা রাশিয়ার, কিভে আছড়ে পড়ল মারণাস্ত্র ‘ওরেসনিক’
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 24 May 2026,
  • अपडेटेड 9:01 PM IST

Russia Attacks Ukraine Kyiv: ইউক্রেনের রাজধানী কিভের ওপর এখনও পর্যন্ত অন্যতম বৃহত্তম এবং বিধ্বংসী আকাশপথের হামলা চালাল ভ্লাদিমির পুতিনের রাশিয়া। শনিবার ও রবিবারের রাত্রে কিভের আকাশ ঢেকে গিয়েছিল রুশ মারণাস্ত্রে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া এই এক রাতেই প্রায় ৬০০টি ড্রোন এবং ৯০টি ঝাঁকে ঝাঁকে মিসাইল আছড়ে ফেলেছে ইউক্রেনের বুকে। এর আগে ২০২৪ সালে ডিনিপ্রো শহরের বুকে প্রথমবার যে ‘ওরেসনিক’ (Oreshnik) ইন্টারমিডিয়েট-রেঞ্জ ব্যালেস্টিক মিসাইল দিয়ে ধ্বংসলীলা চালিয়েছিল মস্কো, এবার সেই মহাশক্তিধর হাইপারসনিক মিসাইল দিয়েই কিভের ওপর তৃতীয়বারের জন্য মরণ কামড় দিল ক্রেমলিন।

রুশ প্রতিরক্ষা মন্ত্রকের দাবি, এই হামলায় শুধুমাত্র ওরেসনিকই নয়, ইস্কান্দার (Iskander), কিঞ্জাল (Kinzhal) এবং জিরকন (Zircon)-এর মতো রাশিয়ার সবচেয়ে মারাত্মক ও অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইলগুলির যৌথ আস্ফালন ঘটেছে। মস্কোর দাবি, তাদের মূল লক্ষ্য ছিল ইউক্রেনের সামরিক কম্যান্ড সেন্টার, বায়ুসেনা ঘাঁটি এবং অস্ত্র কারখানাগুলি। তবে ইউক্রেনের এয়ারফোর্স হামলার আগেই ‘ওরেসনিক’ হানার লাল সতর্কতা জারি করেছিল। রাত ১টা বাজতেই একের পর এক বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে গোটা কিভ।

সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গিয়েছে, রাতের অন্ধকার চিরে ধেয়ে আসছে আগুনের গোলক, আর তার পরেই কানফাটানো আওয়াজে কেঁপে উঠছে মাটি। বিশেষ করে কিভের লুকিয়ানিভকা এলাকা কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, দাউদাউ করে জ্বলছে আগুন। পশ্চিমী বিশেষজ্ঞদের মতে, রাশিয়া এই হাইপারসোনিক মিসাইলগুলি শুধু ধ্বংসের জন্য নয়, বরং ইউক্রেন ও পশ্চিমী দুনিয়ার ওপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টি ও নিজেদের শক্তি প্রদর্শনের জন্যও ব্যবহার করছে। কারণ ‘ওরেসনিক’ এতটাই দ্রুতগামী যে একে মাঝ আকাশে রোখা কার্যত অসম্ভব।

মস্কো একে সামরিক অভিযান বললেও, ইউক্রেনের দাবি, রুশ ক্ষেপণাস্ত্রের মূল নিশানা ছিল সাধারণ মানুষের ঘরবাড়ি। হামলায় গুঁড়িয়ে গেছে একাধিক বহুতল আবাসন, স্কুল, বাজার এবং সরকারি দফতর। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ৪ জন নিরীহ নাগরিকের মৃত্যু হয়েছে এবং জখম আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছেন ৮০ জনেরও বেশি মানুষ। এই নৃশংস হামলার পর ইউক্রেনজুড়ে এয়ার ডিফেন্স সিস্টেমকে হাই অ্যালার্টে রাখা হয়েছে। পুতিনকে চরম আক্রমণ শানিয়ে জেলেনস্কি বলেন, “রাশিয়া এখন একটা উন্মাদ এবং বিপজ্জনক রাষ্ট্রে পরিণত হয়েছে। বিশ্ববাসীকে এবার এর যোগ্য জবাব দিতেই হবে।”

Advertisement

আন্তর্জাতিক সহযোগী দেশগুলির কাছে ইউক্রেনের আকাশ বাঁচাতে আরও শক্তিশালী অ্যান্টি-ব্যালেস্টিক ও এয়ার ডিফেন্স সিস্টেমের জন্য কাতর আর্জি জানিয়েছেন তিনি। অন্যদিকে, মার্ক কার্নি এই কাপুরুষোচিত রুশ হামলার তীব্র নিন্দা করে অবিলম্বে যুদ্ধ থামানোর দাবি জানিয়েছেন। ওয়াকিবহাল মহলের মতে, সম্প্রতি রাশিয়ার ভূখণ্ডে ইউক্রেন যেভাবে একের পর এক ড্রোন হামলা চালাচ্ছিল, রবিবারের এই প্রলয়নাচ তারই পালটা প্রতিশোধ পুতিন বাহিনীর।

 

Read more!
Advertisement
Advertisement