
ইরান যুদ্ধ চলছে। সারা পৃথিবীই এখন তেলের সংকটের মুখে দাঁড়িয়ে। আর সেই আঁচ টের পাচ্ছে ভারতও। হরমুজ প্রণালী বন্ধ হওয়ায় ভারতও তেল নিয়ে ঝামেলায় পড়তে পারে। যদিও এই পরিস্থিতিতে আবার ভারতের পাশে দাঁড়ানোর জন্য তৈরি 'বিপদের বন্ধু' রাশিয়া। ৯.৫ মিলিয়ন ব্যারেল রাশিয়ার অপরিশোধিত তেল সমুদ্র পথে বেরিয়ে পড়েছে। ছাড়পত্র পেলে সেই তেল আর কিছুদিনের মধ্যেই চলে আসবে দেশে। সংবাদ সংস্থা রয়টার্সকে এমনটাই জানিয়েছে এক ইন্ডাস্ট্রি সূত্র। যদিও এই সূত্র এটা জানায়নি যে কতগুলি কার্গো রওনা দিয়েছে, সেই সব কার্গো কোন পথে আসতে পারে।
ভারতের বিকল্প সাপ্লাই দরকার
একটা কথা মাথায় রাখতে হবে, ভারতের নিজের কাছে খুব একটা তেল মজুত নেই। আমাদের দেশ তেলের জন্য আমদানির উপরই বেশি নির্ভরশীল। এমন পরিস্থিতিতে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর তেল সংকটের একটা আশঙ্কা দেখা যাচ্ছে।
যতদূর খবর, এখন ভারতের কাছে ২৫ দিনের কাজ চালানোর মতো তেল উপস্থিত রয়েছে। সেই অপরিশোধিত তেল শোধন করে পেট্রোল, ডিজেল এবং অন্যান্য পেট্রোলিয়াম পণ্য তৈরি করা যেতে পারে। তবে তারপরই শুরু হতে পারে সমস্যা।
এমন পরিস্থিতিতে রয়টার্সকে নয়াদিল্লি এক সূত্র জানিয়েছেন যে আপাতত বিকল্প খুঁজতে শুরু করেছে সরকার। কারণ, সরকার আশা করছে এমন যুদ্ধ পরিস্থিতি আরও ১০ থেকে ১৫ দিন চলতে পারে।
সমস্যার নাম হরমুজ প্রণালী
আসলে এই সমস্যার পিছনে রয়েছে হরমুজ প্রণালী। এই ক্ষুদ্র প্রণালী থেকেই বিশ্বের অগণিত তেলবাহী জাহাজ যায়। আর ভারতের চাহিদার মোটামুটি ৪০ শতাংশ আসে এই প্রণালী হয়ে। আর এই প্রণালী বন্ধ করে রাখার ফলে ভারতের উপর চাপ বাড়ছে।
বিশেষজ্ঞদের মতে, ভারত প্রতিদিন ৫.৬ মিলিয়ন ব্যারেল তেল রিফাইন করে। আর যদি পরিস্থিতি এমন থাকে, তাহলে সমস্যা বাড়বে বই কমবে না।
রাশিয়া সাহায্য করতে তৈরি
এমতাবস্থায় ভারতকে সাহায্য করতে এগিয়ে আসছে রাশিয়া। তাদের পক্ষ থেকে ভারতের ৪০ শতাংশ জ্বালানি ঘাটতি মিটিয়ে দেওয়া হবে বলে মনে করা হচ্ছে।
ডোনাল্ড ট্রাম্পের হুমকি
মাথায় রাখতে হবে যে ভারত্র সঙ্গে বাণিজ্য চুক্তি করছে আমেরিকা। এমতাবস্থায় ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার জন্য চাপানো বাড়তি ২৫ শতাংশ শুল্কও তুলে নিয়েছেন। যদিও তিনি হুঁশিয়ারি দিয়ে রেখেছেন যে পুতিনের দেশ থেকে তেল কিনলে আবার সেই শুল্ক চাপানো হবে। আর আশঙ্কা সত্যি করে আপাতত রাশিয়া থেকেই তেল কিনতে উদ্যত হয়েছে নরেন্দ্র মোদী সরকার। এখন দেখার ট্রাম্প আবার ট্যারিফ বসান কি না।