
একদিকে ইরান। অন্যদিকে ইজরায়েল এবং আমেরিকা। রক্তক্ষয়ী যুদ্ধ দেখেছে বিশ্ব। এমন পরিস্থিতির মধ্যেই হরমুজ প্রণালী বন্ধ করেছিল ইরান। যার ফলে গোটা পৃথিবীতেই তেল এবং গ্যাসের সঙ্কট শুরু হয়েছিল। এমনকী ভুগছিল ভারতও। যদিও শুক্রবারই ইরান জানিয়ে দেয় যে তারা হরমুজ খুলে দিচ্ছে। আর তারপরই খুশির হাওয়া গোটা বিশ্বে।
মাথায় রাখতে হবে হরমুজ প্রণালী অত্যন্ত জরুরি একটা সমুদ্রপথ। এই পথ থেকেই পৃথিবীর ২০ শতাংশ তেল এবং গ্যাস রফতানি হয়। তাই এখানে কোনও বাধা তৈরি হলে গোটা বিশ্বের উপরই চাপ পড়ে। আর ঠিক তেমনটাই হয়েছিল। হরমুজ বন্ধ হওয়ার পর থেকেই ভারতসহ পৃথিবীর একাধিক দেশে তেল এবং গ্যাসের সঙ্কট তৈরি হয়। তবে বৃহস্পতিবারই ভাল খবর দিয়েছে ইরান। তাদের পক্ষ থেকে বিদেশমন্ত্রী আব্বাস আরগাছি জানিয়ে দিয়েছেন, হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হল।
এই ঘোষণার পরপরই ইরানকে ধন্যবাদ জানিয়ে সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নি জানান, হরমুজ এখন খুলে গেল। এবার বাণিজ্য হবে।
এখন প্রশ্ন হল, হরমুজ তো খুলল, এতে ভারতের লাভ ঠিক কোথায়? এই প্রসঙ্গে বলি, এমন পরিস্থিতিতে ভারতের তিনটি লাভ হতে পারে।
১. কম দামে কেনা যাবে অপরিশোধিত তেল
শুক্রবার রাত ৮টা নাগাদ অপরিশোধিত তেলের দাম প্রায় ১২ শতাংশ পড়ে যায়। এর দাম দাঁড়ায় ব্যারেল প্রতি ৮৩ ডলার। এমনকী ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ১১ শতাংশের বেশি পড়ে যায়। এর দাম দাঁড়ায় ব্যারেল প্রতি ৮৭ ডলারের মতো। আর সেটা ভারতের জন্য ভাল খবর। কারণ, আমাদের দেশ অধিকাংশ তেলই আমদামি করে। তাই তেলের দাম কমলে তার লাভও মেলে।
২. বাড়বে স্টক মার্কেট
এই যুদ্ধ শুরুর পর থেকেই যাতা অবস্থা হয়েছিল ভারতের স্টক মার্কেটের। হু হু করে পড়তে থাকে নিফটি এবং সেনসেক্স। যদিও হরমুজ খোলার পরই পরিস্থিতি কিছুটা বদলে যাবে বলে আশা করা যায়।
মাথায় রাখতে হবে, শুক্রবার রাতে মিলেছে খবর। শনি এবং রবিবার মার্কেট বন্ধ। তাই আশা করা যায় সোমবার বাম্পার লাফাবে নিফটি এবং সেনসেক্স। আর তার একটা ইঙ্গিত শুক্রবারও পাওয়া গিয়েছে। বিশেষত, তেল সংস্থা, রং, টায়ার এবং বিমান সংস্থার শেয়ারের দাম বাড়ার আশা রয়েছে।
৩. দাম বাড়বে সোনা এবং রুপোর
এই যুদ্ধ ঘোষণার পর থেকেই দাম পড়েছে সোনা এবং রুপোর। যদিও এখন যুদ্ধ পরিস্থিতি শিথিল হয়েছে। পাশাপাশি হরমুজ খুলে গিয়েছে। যার ফলে অনেকেই আবার সোনা এবং রুপোয় টাকা ইনভেস্ট করার কথা ভাবছেন। যার ফলে এই দুই ধাতুর দাম বাড়তে শুরু করেছে। আন্তর্জাতিক মার্কেটে এই দুই ধাতুর দামই বাড়ছে।
বর্তমানে ভারতে এমসিএক্স-এ প্রতি কেজি রুপোর দাম রয়েছে ২.৬১ লক্ষ টাকা। দাম বেড়েছে ৫ শতাংশ। আর ১০ গ্রাম সোনার দাম রয়েছে ১.৫৫ লক্ষ টাকা। এটা ১.৫০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।