
সাফল্যের শিখরে থাকা ভারতীয় বংশোদ্ভূত সুন্দর পিচাইয়ের মুকুটে নয়া পালক। গুগল তথা তার মূল সংস্থা অ্যালফাবেটের কর্ণধার এবার যে বেতন ও ইনসেনটিভের প্যাকেজ পেতে চলেছেন, তার অঙ্ক শুনলে ভিরমি খাওয়ার জোগাড় হতে পারে সাধারণ মানুষের।
মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (SEC) সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী, আগামী তিন বছরে পিচাইয়ের পকেটে আসতে চলেছে প্রায় ৬৯২ মিলিয়ন ডলার। ভারতীয় মুদ্রায় যার পরিমাণ ৬ হাজার ৩০০ কোটি টাকারও বেশি! বিশ্বের অন্যতম সর্বোচ্চ বেতনভোগী সিইও হিসেবে নিজের আধিপত্য ফের একবার প্রমাণ করলেন তামিলনাড়ুর এই ভূমিপুত্র।
সূত্রের খবর, সুন্দরের বার্ষিক স্থায়ী বেতন কিন্তু বাড়েনি; তা আগের মতোই ২০ লক্ষ ডলার (প্রায় ১৮ কোটি টাকা) থাকছে। আসল ‘লক্ষ্মীলাভ’ হতে চলেছে স্টক ইনসেনটিভ বা শেয়ারের মাধ্যমে। অ্যালফাবেটের শেয়ার বাজারের পারফরম্যান্সের ওপর ভিত্তি করে এই বিপুল পরিমাণ অর্থ তাঁর অ্যাকাউন্টে জমা পড়বে।
এর মধ্যে গুগল-এর স্বয়ংচালিত গাড়ি সংস্থা ‘ওয়েমো’ (Waymo) এবং ড্রোন ডেলিভারি সংস্থা ‘উইং’ (Wing)-এর সাফল্যের সঙ্গেও তাঁর উপার্জনের একটি বড় অংশ জুড়ে দেওয়া হয়েছে। অর্থাৎ, আগামী তিন বছরে এই সংস্থাগুলি যত উন্নতি করবে, পিচাইয়ের ব্যক্তিগত সম্পদও তত পাল্লা দিয়ে বাড়বে। বর্তমান বিশ্ব অর্থনীতিতে যখন বড় বড় তথ্যপ্রযুক্তি সংস্থাগুলিতে কর্মী ছাঁটাইয়ের আবহ চলছে, তখন খোদ প্রধানের এই ‘রাজকীয়’ বেতন কাঠামো নিয়ে স্বাভাবিকভাবেই চর্চা শুরু হয়েছে বিশেষজ্ঞ মহলে।