
US Iran Nuclear Deal 2026: মধ্যপ্রাচ্য ইস্যুতে ফের কড়া বার্তা দিলেন মার্কিন প্রেসিডেন্ট Donald Trump। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত ‘বোর্ড অফ পিস’ এর উদ্বোধনী বৈঠকে ট্রাম্প স্পষ্ট জানান, ইরান যদি ১০ দিনের মধ্যে একটি ‘অর্থবহ’ পারমাণবিক চুক্তিতে রাজি না হয়, তা হলে সামরিক পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করা হবে। তাঁর হুঁশিয়ারি, ইরানকে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধ, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচিতে নিয়ন্ত্রণ এবং আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীগুলিকে সমর্থন প্রত্যাহার করতে হবে। নচেৎ “খারাপ কিছু” ঘটতে পারে।
গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনায় মার্কিন ও ইসরায়েলি হামলার পর থেকেই উত্তেজনা চরমে। ট্রাম্প দাবি করেছেন, সেই হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়েছে, যদিও তেহরান বরাবরই বলছে তাদের প্রকল্প সম্পূর্ণ অসামরিক। সাম্প্রতিক মন্তব্যে ট্রাম্প ‘নতুন আর্মাডা’ মধ্যপ্রাচ্যের দিকে এগোনোর কথাও উল্লেখ করেন এবং আগের হামলার চেয়েও ভয়াবহ আঘাতের ইঙ্গিত দেন।
অন্যদিকে, ইরানের বিদেশমন্ত্রী সাফ জানিয়েছেন, সামরিক হুমকির মুখে কোনও আলোচনায় বসবে না তেহরান। আলোচনা ভেস্তে গেলে মার্কিন ঘাঁটিগুলিকে লক্ষ্যবস্তু করার সতর্কবার্তাও দিয়েছে তারা। আগের হামলার পর থেকেই আলোচনার প্রক্রিয়া স্থগিত রয়েছে এবং মার্কিন শর্তগুলোকে ‘অতিরিক্ত’ বলে প্রত্যাখ্যান করেছে ইরান। পরিস্থিতি কোন দিকে মোড় নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।