
ফের একবার ভারত-পাকিস্তান যুদ্ধ, অপারেশন সিঁদুর নিয়ে বড় দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার আবারও আমেরিকান প্রেসিডেন্ট দাবি করেন, তিনি গত কয়েক বছরে ৮টি যুদ্ধ থামিয়েছেন। স্টেট অফ দ্য ইউনিয়ন ভাষণে এই দাবি করার পাশাপাশি অপারেশন সিঁদুর নিয়েও ফের বক্তব্য রাখেন ট্রাম্প।
মার্কিন প্রেসিডেন্টের দাবি, ভারতের অপারেশন সিঁদুর থামিয়ে তিনি ৩৫ মিলিয়ন বা সাড়ে ৩ কোটি পাকিস্তানির জীবন বাঁচিয়েছেন। ট্রাম্পের দাবি, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ তাঁকে বলেছিলেন, তিনি যদি হস্তক্ষেপ না করতেন, তাহলে গত বছর ভারতের অপারেশন সিঁদুরের সময় পাকিস্তানের ৩৫ মিলিয়ন মানুষ মারা যেত।
ট্রাম্পের বক্তব্যে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে, ২০২৫ সালের মে মাসে ভারতের বিরুদ্ধে চার দিনের সামরিক সংঘাতের সময় পাকিস্তান একেবারে পিছিয়ে ছিল। ভারতের হামলা হলে পাকিস্তান কোনও ভাবেই সামলাতে পারত না। কার্যত পাকিস্তানকে কায়দা করে নিয়েছিল ভারত।
ডোনাল্ড ট্রাম্প এদিন তাঁর ভাষণে বলেন, "আমার প্রথম ১০ মাসে আমি ৮টি যুদ্ধ বন্ধ করেছি। যার মধ্যে কম্বোডিয়া এবং থাইল্যান্ডের যুদ্ধও ছিল। এটা কোনও মজার বিষয় না। পাকিস্তান ও ভারতের মধ্যে পরমাণু যুদ্ধ পর্যন্ত লেগে যেতে পারত। পাকিস্তানের প্রধানমন্ত্রী আমাকে বলেছিলেন, আমি যদি হস্তক্ষেপ না করতাম, তাহলে ৩ কোটি ৫০ লক্ষ মানুষ মারা যেত।"
কোন ৮টি যুদ্ধ বন্ধের দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট?
ডোনাল্ড ট্রাম্প যেসব যুদ্ধের সমাধানের দাবি করেছেন, তার মধ্যে রয়েছে ইসরায়েল ও হামাস, ইসরায়েল ও ইরান, মিশর ও ইথিওপিয়া, ভারত ও পাকিস্তান, সার্বিয়া ও কসোভো, রুয়ান্ডা ও কঙ্গো, আর্মেনিয়া ও আজারবাইজান, কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে যুদ্ধ।
অন্যদিকে, পাকিস্তানের সঙ্গে চার দিনের সংঘর্ষের সময় মধ্যস্থতাকারী হিসেবে ট্রাম্পের ভূমিকার কথা বারেবারেই প্রত্যাখ্যান করেছে ভারত। যুদ্ধ থামাতে ট্রাম্পের ভূমিকা সম্পর্কে জিজ্ঞাসা করা হলে ভারতীয় বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর পত্রপাঠ এমন দাবি খারিজ করেছেন। নয়াদিল্লির তরফেও সরাসরি একাধিকবার এই দাবি অস্বীকার করা হয়েছে।