
সম্প্রতিই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান ও আমেরিকা যুদ্ধ প্রায় শেষ হওয়ার পথে। চুক্তির একেবারে অন্তিম লাইনে দাঁড়িয়ে রয়েছে দুই পক্ষ। কিন্তু কোথায় কী? মঙ্গলবার ভোরে (ভারতীয় সময়) ফের একবার ইরানে হামলা চালাল আমেরিকা। এবার দক্ষিণ ইরানে অবস্থিত সামরিক ঘাঁটি ও IRGC-র বোটের উপর এয়ার স্ট্রাইক করেছে আমেরিকা।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের (সেন্টকম) দাবি, মার্কিন সেনা ও যুদ্ধ জাহাজকে বাঁচাতে আত্মরক্ষার্থে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। মূলত হরমুজ প্রণালীতে সি-মাইন বেছানো IRGC-র বোট ও মিসাইল উৎক্ষেপণ কেন্দ্রতে হামলা চালায় আমেরিকা।
সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স এক বিবৃতিতে জানিয়েছেন যে, মার্কিন বাহিনী দক্ষিণ ইরানে আত্মরক্ষামূলক হামলা চালিয়েছে। তিনি ব্যাখ্যা করে বলেন, মার্কিন সামরিক বাহিনী ইরানের হুমকি ভেঙে গুঁড়িয়ে দিয়েছে। আমেরিকা যুদ্ধবিরতি চলাকালীন যথেষ্ট সংযম দেখিয়েছে, কিন্তু সেনাদের উপর হুমকি এলে, সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেবে ওয়াশিংটন, দাবি টিম হকিন্সের।
আমেরিকান আধিকারিকরা জানিয়েছেন, হরমুজ প্রণালীতে আইআরজিসি-র দুটি নৌকাকে মাইন পাততে দেখা যায়। এরপরেই অভিযান শুরু করে মার্কিন বাহিনী। মার্কিন নৌবাহিনী ও বিমানবাহিনী একযোগে দুটি বোট ধ্বংস করার দাবি করেছে।
বন্দর আব্বাসের একটি মিসাইল ঘাঁটিতেও হামলা
এছাড়াও, মার্কিন বাহিনী বন্দর আব্বাস এলাকায় মাটি থেকে আকাশে নিক্ষেপযোগ্য মিসাইল ঘাঁটিতেও হামলা চালিয়েছে। মার্কিন আধিকারিকদের দাবি, এই ঘাঁটি থেকে মার্কিন যুদ্ধবিমানগুলোকে টার্গেট করার চেষ্টা করেছিল। তাই আত্মরক্ষার্থে এই মিসাইল লঞ্চিং সামরিক পরিকাঠামো ধ্বংস করে দেওয়া হয়।
ফক্স নিউজের তরফে এক মার্কিন আধিকারিকের বিবৃতি উল্লেখ করে বলা হয়েছে, এই স্ট্রাইক সীমিত পরিসরের মধ্যেই করা হয়। সংঘাত বাড়িয়ে তোলা এই হামলার উদ্দেশ্য নয়।