
পঞ্চম দিনে পড়ল রাশিয়া ইরান যুদ্ধ। মধ্যপ্রাচ্যে এখনও অবস্থার উন্নতি হওয়ার কোনও লক্ষণ নেই। বরং আক্রমণের ঝাঁঝ বাড়াচ্ছে উভয় পক্ষই। আমেরিকার বিরুদ্ধে কিছুতেই দমে যাওয়ার পাত্র নয় ইরান। ফলে বারবার হামলা চালাচ্ছে আমেরিকা। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। তবে জানা গেল, ইরানে প্রায় ২০০০টি টার্গেটে হামলা চালিয়েছে আমেরিকা।
মার্কিন সেনার তরফে জানানো হয়েছে, অপারেশন এপিক ফিউরি শুরু করার পর থেকে ইরানি নৌসেনার ১৭টি জাহাজ সহ মোট ২০০০টি লক্ষ্যবস্তুকে টার্গেট করে ধ্বংস করা হয়েছে। ১৭টি জাহাজের মধ্যে ধরা হয়েছে একটি সাবমেরিনও। ফলে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি আমেরিকার।
মার্কিন সেন্ট্রাল কমান্ডের ব্র্যাড কুপার একটি ভিডিও বার্তায় মঙ্গলবার দাবি করেছেন, "আজ আরব উপসাগর, হরমুজ প্রণালী বা ওমান উপসাগরে একটিও ইরানি জাহাজ চলাচল করছে না।" তিনি জানিয়েছেন, "এই অভিযানে আমেরিকার ৫০ হাজারের বেশি সেনা, ২০০টি যুদ্ধবিমান, দুটি বিমানবাহী নৌবহর এবং বোমারু বিমান অংশ নিচ্ছে।"
মার্কিন সেনা আধিকারিকের দাবি, ইরানের প্রতিরক্ষা ব্যবস্থার মারাত্মক ক্ষতি করা হয়েছে। পাশাপাশি ইরানি মিসাইল ইন্ডাস্ট্রিকেও ধ্বংস করার দাবি করেছে আমেরিকা। কুপারের দাবি, মার্কিন হামলায় ইরানের মিসাইল তৈরিতে ভাঁটা পড়েছে। ইরান মিসাইল উৎপাদন নিয়ে গভীর সংকটে পড়েছে। ফলে তেহরানের লড়াই করার ক্ষমতা কমছে।
অন্যদিকে, বুধবার ভোরে (ভারতীয় সময়) ফের একবার ইরানের উপর বড়সড় হামলা চালিয়েছে ইজরায়েল। গত দু'ঘণ্টায় তেহরানে ফের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে বলে জানা যাচ্ছে। ইরানি সংবাদ সংস্থা তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য নিশ্চিত করেছে। জানা গিয়েছে, বিমান হামলা চালিয়েছে ইজরায়েল। তবে এঘটনায় ক্ষয়ক্ষতির তথ্য এখনও সামনে আসেনি।