
ভারত সহ বিশ্বের ১৬টি দেশের উপর নতুন করে আমদানি শুল্ক বাড়ানোর পরিকল্পনা করছে আমেরিকা। চলতি সপ্তাহের মধ্যেই চিন, ভারত সহ একাধিক দেশের উপর শুল্ক বৃদ্ধির ঘোষণা হতে পারে বলে জানিয়েছে সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। আমেরিকার অভিযোগ, এই দেশগুলি অতিরিক্ত উৎপাদনের জন্য সরকারি ভর্তুকি ও অন্যান্য সুযোগ সুবিধা দিয়ে নিজেদের সংস্থাগুলিকে সাহায্য করছে। এর ফলে আন্তর্জাতিক বাজারে কম দামে পণ্য বিক্রি হচ্ছে এবং ক্ষতির মুখে পড়ছেন আমেরিকার উৎপাদকরা।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন অনুযায়ী, মার্কিন বাণিজ্য প্রতিনিধি (USTR) জেমিসন গ্রিয়ার এই বিষয়ে একটি তদন্ত রিপোর্ট প্রকাশ করতে পারেন। গত ১১ মার্চ ১৯৭৪ সালের বাণিজ্য আইনের ৩০১ নম্বর ধারায় তদন্ত শুরু করেছিল তাঁর দফতর। এই আইনে কোনও দেশের বাণিজ্যিক নীতিকে অন্যায্য বলে চিহ্নিত করা হলে মার্কিন প্রেসিডেন্ট সেই দেশের উপর আমদানি শুল্ক চাপাতে পারেন।
জেমিসন গ্রিয়ারের বক্তব্য, সংশ্লিষ্ট দেশগুলিতে সরকারি ভর্তুকি এবং অন্যান্য সরকারি সহায়তার ফলে অতিরিক্ত শিল্প উৎপাদন ক্ষমতা তৈরি হয়েছে। এর জেরে ওই দেশগুলির সংস্থাগুলি আন্তর্জাতিক বাজারে তুলনামূলক কম দামে বিপুল পরিমাণ পণ্য সরবরাহ করতে পারছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে আমেরিকার স্থানীয় উৎপাদনকারী সংস্থাগুলি।
তদন্তের ভিত্তিতে আমেরিকা কয়েক ডজন বাণিজ্যিক অংশীদার দেশের উপর ১০ থেকে ১২.৫ শতাংশ পর্যন্ত শুল্ক চাপানোর যৌক্তিকতা তুলে ধরেছিল। এই তালিকায় অতিরিক্ত শিল্প উৎপাদন সংক্রান্ত তদন্তের আওতায় থাকা ১৬টি দেশও রয়েছে।
তবে নতুন করে শুল্ক বৃদ্ধির ক্ষেত্রে চূড়ান্ত হার কত হবে, তা এখনও স্পষ্ট নয়। তবে এই শুল্ক কার্যকর হলে তা সংশ্লিষ্ট দেশগুলির উপর বর্তমানে চালু থাকা শুল্কের পরিমাণ অতিরিক্ত হবে।
এ দিকে ভারত ও আমেরিকার মধ্যে অন্তর্বর্তী দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা চলছে। গত ফেব্রুয়ারিতে দুই দেশ একটি চুক্তির কাঠামো চূড়ান্ত করলেও পরে তা নিয়ে ফের আলোচনা শুরু হয়। এর মধ্যেই গত বছর আন্তর্জাতিক জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (IEEPA)-এর আওতায় আরোপ করা শুল্ক সুপ্রিম কোর্ট খারিজ করে দেয়।
আমেরিকার বাজারে ভারতীয় পণ্যের উপর তুলনামূলক কম শুল্ক চাপানোর দাবি জানাচ্ছে নয়াদিল্লি। বাংলাদেশের পাশাপাশি ভিয়েতনাম ও কম্বোডিয়ার মতো প্রতিযোগী দেশগুলির তুলনায় ভারত যাতে কম শুল্কের সুবিধা পায়, সেটাই ভারতের আলোচনার অন্যতম লক্ষ্য। ফলে নতুন করে মার্কিন শুল্ক বৃদ্ধির পরিকল্পনা ভারত-আমেরিকা বাণিজ্য আলোচনায় কতটা প্রভাব ফেলে, এখন সেটাই দেখার।