
মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেই গত মঙ্গলবার রাতে ক্যালিফোর্নিয়া উপকূলে একটি ডুমসডে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা করেছে আমেরিকা। হিরোশিমায় ফেলা পরমাণু বোমার চেয়ে ২০ গুণ বেশি শক্তিশালী এই 'মিনিটম্যান ৩'। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি ওই রাতে ১১টা নাগাদ সান্তা বারবারার কাছে ভ্যান্ডেনবার্গ স্পেস ফোর্স বসে থেকে উৎক্ষেপণ করা হয়েছিল। জানিয়েছে নিউ ইয়র্ক পোস্ট। অন্যদিকে, ইরান স্পষ্ট ভাবে সতর্ক করেছে, যদি আমেরিকা ও ইজরায়েল তাদের বর্তমান শাসনব্যবস্থা উৎখাতের চেষ্টা করে তাহলে সরসারি ইজরায়েলি পরমাণু কেন্দ্রগুলিতে আক্রমণ করা হবে।
ডুমসডে মিসাইল
মার্কিন বায়ুসেনা বাহিনীর মতে, জিটি ২৫৪ নামে পরিচিত নিরস্ত্র রকেটটি পশ্চিম মধ্য প্রশান্ত মহাসাগরের মার্শাল দ্বীপপুঞ্জের কাছে তার লক্ষ্যবস্তুতে আঘাত করেছিল। বায়ুসেনার গ্লোবাল স্ট্রাইক কমান্ডের মতে, কার্যকারিতা, প্রস্তুতি এবং নির্ভুলতা যাচাই করার জন্য ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করা হয়েছিল।
এদিকে, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক সামরিক অভিযান সম্পর্কে জানিয়েছেন, এর লক্ষ্য ইরানি জনগণের জন্য বর্তমান শাসনব্যবস্থা পরিবর্তনের পরিস্থিতি তৈরি করা। তেহরান এই বিবৃতিগুলি তার অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি হস্তক্ষেপ বলেই মনে করছে।
সূত্রের খবর, আমেরিকা ও ইজরায়েলি কৌশল কেবল সামরিক ঘাঁটির মধ্যেই সীমাবদ্ধ নয়। ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস এবং সংশ্লিষ্ট আধাসামরিক সংস্থাগুলির পাশাপাশি পুলিশ স্টেশনগুলিকেও লক্ষ্যবস্তু করা হয়েছে। তেহরানের কয়েকটি পুলিশ ঘাঁটিতেও হামলার খবর মিলেছে। যা অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থার উপর চাপ বাড়িয়েছে বলেই মনে করা হচ্ছে। আর সে কারণেই বড়সড় হামসার হুঙ্কার।