
গুগল কর্তা সুন্দর পিচাইয়ের ভূয়সী প্রশংসা আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। তাও আবার এলন মাস্কের মতো টেক জায়ান্টদের সামনে। একঝাঁক টেক-কর্তাকে পাশে রেখে পিচাইকে লক্ষ্য করে ট্রাম্প বলেন,'এই ভদ্রলোক বিশাল প্রভাবশালী। অথচ কেউ জানে না।'
হোয়াইট হাউসে মঙ্গলবার প্রযুক্তি দুনিয়ার একাধিক শীর্ষকর্তার সঙ্গে বৈঠক করেন ডোনাল্ড ট্রাম্প। AI নিয়ে নতুন একটি চুক্তি প্রকাশের পাশাপাশি একাধিক টেক জায়ান্টের সিইওর সঙ্গে কথা বলেন তিনি। সেই বৈঠকের পর সাংবাদিকদের সামনে গুগলের সিইও সুন্দর পিচাইয়ের প্রশংসা করেন তিনি।
এদিন হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় সুন্দর পিচাইকে কথা বলতে বলেন ট্রাম্প। পিচাইয়ের উদ্দেশে বলেন, 'সুন্দর, আপনি কিছু বলতে চান?' পিচাই কথা শুরু করে বলেন, 'প্রথমেই ধন্যবাদ...', অথচ তাঁর কথা শেষ হওয়ার আগেই ট্রাম্প থামিয়ে বলেন, 'এই মানুষগুলো কারা, সে সম্পর্কে আপনাদের কোনও ধারণাই নেই। এঁরা বিশ্বের সবচেয়ে বড় ও প্রভাবশালী মানুষ। আপনারা জানেনই না এঁরা কারা।' এরপর পিচাইয়ের দিকে ইঙ্গিত করে ট্রাম্প বলেন, 'এই লোকটা একজন মনস্টার এবং কেউই তা জানে না।' ট্রাম্পের এই মন্তব্য শুনে পিচাইয়ের মুখে হাসি ফুটে ওঠে। এরপরও থামেননি মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প বলেন, 'কী দারুণ জীবন! এত প্রভাবশালী হলেও সবকিছুর মধ্যে দিয়ে যেতে হয় না।'
এরপর আবার সুন্দর পিচাইয়ের প্রসঙ্গ তোলেন তিনি। সাংবাদিকদের উদ্দেশে ট্রাম্প বলেন, 'আপনাদের শুধু সুন্দর নামটাই মনে রাখতে হবে। সুন্দরই তাঁর নাম।'
ট্রাম্পের মন্তব্যে পিচাইয়ের মজার জবাব
এদিকে ট্রাম্পের 'মনস্টার' মন্তব্যকে হাসির ছলেই নেন সুন্দর পিচাই। তিনি বলেন, 'আশা করি, আমি একজন মনস্টারের চেয়ে ভালো কোনও ট্যাগলাইন হতে পারব!'
Anthropic-এর সিইওকেও সাবধান করলেন ট্রাম্প
শুধু সুন্দর পিচাই নন, Anthropic-এর সিইও দারিও আমোদেইয়ের সঙ্গেও মজার কথোপকথন হয় ট্রাম্পের। আমোদেইকে পাশে ডেকে ট্রাম্প সাংবাদিকদের বলেন, 'ও (দারিও আমোদেই) শুধু বলেছিল, ঠিক আছে।' এরপরই আমোদেইয়ের দিকে ফিরে ট্রাম্প বলেন, 'সাবধান।'
AI-এর সম্ভাব্য বিপদ নিয়ে আমোদেই অতীতে একাধিকবার সতর্ক করেছেন। তাঁর বক্তব্য অনুযায়ী, AI-এর বিকাশের সঙ্গে গুরুতর ঝুঁকিও তৈরি হতে পারে। এমনকি ভবিষ্যতে AI মানবসভ্যতার জন্য অত্যন্ত বড় বিপদ তৈরি করতে পারে বলেও তিনি সতর্ক করেছেন।
এরপর AI প্রতিযোগিতা নিয়েও ট্রাম্পের সঙ্গে একমত হন আমোদেই। তিনি বলেন, 'প্রেসিডেন্ট যেমন বলেছেন, যে AI-এ জিতবে, সেই জয় পাবে। আমার মনে হয় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।'
হোয়াইট হাউসে AI নিয়ে বড় বৈঠক
এই কথোপকথনের সময় হোয়াইট হাউসে উপস্থিত ছিলেন প্রযুক্তি দুনিয়ার একাধিক পরিচিত মুখ। ছিলেন Meta-এর সিইও মার্ক জুকারবার্গ, Nvidia-এর প্রধান জেনসেন হুয়াং, OpenAI-এর প্রেসিডেন্ট গ্রেগ ব্রকম্যান এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ক-সহ অন্যরা। বৈঠকে মূলত AI-এর নিরাপত্তা, সংস্থাগুলির অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ এবং AI-এর সম্ভাব্য ঝুঁকি কীভাবে কমানো যায়, তা নিয়ে আলোচনা হয়।