বালোচিস্তান নিয়ে পাকিস্তানের দুশ্চিন্তা নতুন নয়। বছরের পর বছর ধরে এই প্রদেশে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন, সশস্ত্র হামলা, নিরাপত্তা সংকট এবং কেন্দ্রের সঙ্গে স্থানীয় মানুষের সংঘাত চলেছে। কিন্তু এবার সেই সংকটের আঁচ পৌঁছে যাচ্ছে পাকিস্তানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক অংশীদার চিনের দরজায়। আর সেখানেই ইসলামাবাদের কপালে নতুন করে চিন্তার ভাঁজ। বালোচিস্তানের সাইন্দাক কপার-গোল্ড প্রকল্প নিয়ে চিনা সংস্থার সতর্কবার্তা সামনে আসার পর প্রশ্ন উঠছে, নিরাপত্তা পরিস্থিতির কারণে কি সত্যিই পাকিস্তান থেকে পিছু হটতে শুরু করবে বেজিং? এখনই এমন কোনও সিদ্ধান্ত চিন নিয়েছে, এমন ঘোষণা অবশ্য হয়নি। কিন্তু খনির কাজ চালাতে প্রয়োজনীয় সরঞ্জাম ও পণ্য পরিবহণ যদি নিরাপত্তার কারণে বারবার ব্যাহত হয়, তাহলে প্রকল্প চালানো কঠিন হয়ে উঠতে পারে—চিনা অপারেটরের সতর্কবার্তায় সেই আশঙ্কাই স্পষ্ট।