আমেরিকার মতো বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশেও কি একের পর এক সাইবার হামলার আশঙ্কা তৈরি হয়েছে? দেশের বিমান পরিষেবা থেকে শুরু করে ব্যাঙ্ক, সরকারি দফতর, এমনকী জাতীয় নিরাপত্তার দায়িত্বে থাকা সংস্থার প্রযুক্তি ব্যবস্থাতেও কেন দেখা দিচ্ছে সমস্যা? পরপর কয়েক দিন ধরে আমেরিকার ডিজিটাল পরিষেবা বিপর্যস্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই উঠছে একাধিক প্রশ্ন। এটা কি নিছক প্রযুক্তিগত ত্রুটি, নাকি এর পিছনে রয়েছে কোনও বড়সড় সাইবার হামলার আশঙ্কা? আর যদি সবটাই কাকতালীয় হয়, তাহলে এত গুরুত্বপূর্ণ সংস্থার পরিষেবা প্রায় একই সময়ে কেন ধাক্কা খাচ্ছে? পরিস্থিতি নিয়ে যখন আমেরিকাজুড়ে উদ্বেগ বাড়ছে, তখন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্য আরও আলোচনার জন্ম দিয়েছে। তিনি বলছেন, বড় এবং শক্তিশালী দেশ হলে এ ধরনের ঘটনা ঘটতেই পারে। সব ঠিক আছে। অন্যদিকে, আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিওর দাবি, একের পর এক প্রযুক্তিগত সমস্যার মধ্যে কোনও যোগসূত্র নেই। আমেরিকা কোনও সমন্বিত সাইবার হামলার শিকার হয়েছে, এমন প্রমাণও তাঁদের হাতে নেই। কিন্তু প্রশ্ন হল, সত্যিই কি এত বড় ঘটনাপ্রবাহকে শুধুমাত্র বিচ্ছিন্ন প্রযুক্তিগত সমস্যা বলে উড়িয়ে দেওয়া যায়?