একটা সময় ছিল, যখন রাশিয়া ছিল বিশ্বের অন্যতম বড় তেল উৎপাদক এবং পরিশোধনকারী দেশ। অর্থাৎ রাশিয়ার কাছ থেকে তেল কিনত অন্য দেশ। কিন্তু এখন এমন একটা ছবি সামনে এসেছে, যেটা দেখলে অনেকেই অবাক হবেন। যে রাশিয়া নিজে কোটি কোটি ব্যারেল তেল উৎপাদন করে, সেই রাশিয়াকেই এখন পেট্রোল আমদানি করতে হচ্ছে। আর সবচেয়ে চমকপ্রদ বিষয় হল, সেই পেট্রোলের একটা বড় অংশ আসছে ভারত থেকে। হ্যাঁ, ঠিক শুনেছেন—ভারত রাশিয়াকে পেট্রোল পাঠাচ্ছে। আর এখানেই প্রশ্ন—রাশিয়ার মতো তেলসমৃদ্ধ দেশকে ভারত কেন পেট্রোল দিচ্ছে? ইউক্রেনের ড্রোন হামলা কি সত্যিই রাশিয়ার জ্বালানি ব্যবস্থাকে এতটা নাড়িয়ে দিয়েছে? আর তার থেকেও বড় প্রশ্ন—যে রাশিয়ার কাছ থেকে ভারত বিপুল পরিমাণ অপরিশোধিত তেল কিনছে, সেই রাশিয়ার তেলই কি ভারতীয় রিফাইনারিতে পেট্রোলে পরিণত হয়ে আবার রাশিয়াতেই ফিরে যাচ্ছে? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে এই পুরো বিষয়টা শুধু পেট্রোল বেচাকেনার নয়। এটা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা, যুদ্ধ, সমুদ্রপথ, রিফাইনারি ক্ষমতা এবং ভারত-রাশিয়া সম্পর্কের এক অত্যন্ত গুরুত্বপূর্ণ নতুন অধ্যায়।