পশ্চিম এশিয়া যখন নতুন করে অস্থির, একদিকে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তান নিজেদের মধ্যে প্রতিরক্ষা সমঝোতা করছে, অন্যদিকে ভারত ও আমেরিকার সম্পর্কেও ফের কূটনৈতিক তৎপরতা বাড়ছে। এই আবহেই আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ফোন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। ফোনালাপে দুই দেশের সম্পর্ক আরও গভীর করার কথা হয়েছে। বাণিজ্য থেকে প্রতিরক্ষা, জ্বালানি নিরাপত্তা থেকে নতুন প্রযুক্তি, গুরুত্বপূর্ণ খনিজ থেকে আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি—একাধিক গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়েছে বলে ভারতীয় পক্ষ জানিয়েছে। ব্যক্তিগত স্তরেও ছিল উষ্ণতার বার্তা। ভ্যান্স ও তাঁর স্ত্রী উষার সদ্যোজাত পুত্রের জন্মের জন্য অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী।