পাকিস্তানে কি আবারও ফিরতে চলেছে সরাসরি সামরিক শাসন? দেশের ক্ষমতার কেন্দ্র কি ধীরে ধীরে পুরোপুরি সেনাবাহিনীর হাতে চলে যাচ্ছে? আর এই মুহূর্তে পাকিস্তানের সবচেয়ে ক্ষমতাবান ব্যক্তি হিসেবে যাঁর নাম বারবার সামনে আসছে, তিনি হলেন ফিল্ড মার্শাল আসিম মুনির। তবে বিষয়টি আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভির সাম্প্রতিক একটি মন্তব্যের পর। জুলাইয়ের শেষ সপ্তাহে ইসলামাবাদে পাকিস্তান ইকোনমিক সামিটে বক্তব্য রাখতে গিয়ে নকভি বলেন, দেশের বর্তমান শাসনব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। তাঁর কথায়, এই ব্যবস্থার মধ্যে থেকে সমস্যার সমাধান করা সম্ভব নয়। নতুন প্রশাসনিক কাঠামো এবং নতুন প্রদেশ তৈরির মতো বড় সংস্কারের কথাও বলেন তিনি।