২৬ অগাস্টের ভয়াবহ বন্যার এক মাসের মধ্যেই ফের বড় প্রাকৃতিক দুর্যোগের মুখে নেপাল। বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টির জেরে বিভিন্ন জেলায় বন্যা ও ভূমিধসে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গত তিন দিনে অন্তত ২৪ জনের মৃত্যু এবং ১৪ জনের নিখোঁজ হওয়ার খবর পাওয়া গিয়েছে। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে গণ্ডকী প্রদেশে। মনাং, মিয়াগদি, বাগলুং, পর্বত ও পাল্পা-সহ একাধিক জেলা ক্ষতিগ্রস্ত হয়েছে। বাগলুংয়ে ১০ জন, মিয়াগদিতে ৬ জন, মনাংয়ে ২ জন এবং পাল্পায় ৫ জনের মৃত্যু হয়েছে। ধনুষার মিথিলা পুরসভায় ভূমিধসে আরও এক জনের মৃত্যু হয়েছে। নিখোঁজদের মধ্যে মনাংয়ের ১০ জন, মিয়াগদির ৩ জন এবং বাগলুংয়ের এক জন রয়েছেন। বন্যা ও ভূমিধসে ৭৪৭টি পরিবার সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৪৩টি বাড়ি সম্পূর্ণ এবং ৫১টি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। গণ্ডকী প্রদেশে প্রায় ১,৫০০ মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নেওয়া হয়েছে। মনাংয়ে হিমলুং হিমালে তুষারধসে দু’জনের মৃত্যু হয়েছে। পর্বতারোহী ও তাঁদের সহযোগী-সহ মোট ২২ জনের মধ্যে ১০ জনের সঙ্গে যোগাযোগ করা গেলেও আরও ১০ জনের অবস্থান এখনও অজানা। এদিকে কালীগণ্ডকী নদীর প্রবল স্রোতে স্যাংজা ও গুলমিকে সংযোগকারী একটি পাকা সেতু ভেসে গিয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বিদ্যুৎ ও সড়ক পরিকাঠামোও। খারাপ আবহাওয়ার কারণে উদ্ধারকাজ ব্যাহত হলেও সোমবার ফের অভিযান শুরু করার কথা।