সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও ঘিরে তুমুল চর্চা শুরু হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, রাশিয়ার এক সেনা সদস্য একটি শক্তিশালী YakB-12.7 রোটারি মেশিনগান চালানোর চেষ্টা করছেন। কিন্তু ট্রিগার টানার কয়েক সেকেন্ডের মধ্যেই অস্ত্রটি নিয়ন্ত্রণের বাইরে চলে যায় এবং দ্রুত ঘুরতে শুরু করে। আতঙ্কে আশপাশে থাকা সেনারা ছুটে সরে যান। একজন সেনা সদস্য শেষ মুহূর্তে সরে গিয়ে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। তবে ভিডিওটির সত্যতা স্বাধীনভাবে যাচাই করেনি bangla.aajtak.in। কোথায় এবং কবে এই ঘটনা ঘটেছে, সে সম্পর্কেও কোনও সরকারি তথ্য প্রকাশ হয়নি। YakB-12.7 মূলত সোভিয়েত আমলের Mi-24 অ্যাটাক হেলিকপ্টারের জন্য তৈরি একটি চার ব্যারেলের মেশিনগান। এটি প্রতি মিনিটে প্রায় ৪ থেকে ৫ হাজার রাউন্ড গুলি ছুড়তে পারে। বিশেষজ্ঞদের মতে, এই অস্ত্রের প্রচণ্ড রিকয়েল সামলানোর জন্য শক্তিশালী মাউন্ট প্রয়োজন। তাই হেলিকপ্টারের জন্য তৈরি এই অস্ত্রকে স্থলভিত্তিক অ্যান্টি-ড্রোন অস্ত্র হিসেবে ব্যবহার করার চেষ্টা অত্যন্ত ঝুঁকিপূর্ণ।