ইরান নাকি আমেরিকার কাছে ডিল করার জন্য আবেদন জানিয়েছে! এমনই দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তাঁর বক্তব্য, ইরানের শীর্ষ নেতৃত্ব তাঁর সঙ্গে যোগাযোগ করে একটি চুক্তির জন্য আবেদন জানাচ্ছে। ট্রাম্পের কথায়, 'ওরা ফোন করছে, বলছে, কীভাবে একটা চুক্তি করা যায়? আমি বলেছি, তোমরা একটু দেরি করে ফেলেছ।' ট্রাম্প আরও দাবি করেন, সাম্প্রতিক হামলায় ইরানের সামরিক ক্ষমতায় বড় ধাক্কা লেগেছে। তাঁর বক্তব্য অনুযায়ী, মাত্র তিন দিনের মধ্যে ইরানের নৌবাহিনীর ২৪টি জাহাজ ধ্বংস হয়ে গিয়েছে। একই সঙ্গে তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও কার্যত অকার্যকর হয়ে পড়েছে বলে তিনি মন্তব্য করেন। ট্রাম্পের দাবি, ইরানের যোগাযোগ ব্যবস্থা, ক্ষেপণাস্ত্র ভাণ্ডার এবং মিসাইল লঞ্চারগুলিও ব্যাপকভাবে ধ্বংস করা হয়েছে। তাঁর কথায়, নির্ধারিত সময়ের অনেক আগেই শত্রুপক্ষের সামরিক অবকাঠামো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতাকেও ধারাবাহিকভাবে নষ্ট করে দেওয়া হচ্ছে। ট্রাম্পের কথায়, “ওরা কোনও মিসাইল ছুড়লেই চার মিনিটের মধ্যে সেই লঞ্চারকে নিশানা করা হচ্ছে। ওরা বুঝতেই পারছে না কী হচ্ছে। আমাদের সেনাবাহিনী বিশ্বের সেরা।”