
বঙ্গ বিজেপির ইশতেহারে উত্তরবঙ্গের জন্য একাধিক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। কলকাতায় বিজেপির নির্বাচনী ইশতেহার বা 'সংকল্প পত্র' প্রকাশ করার সময় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ স্পষ্ট জানান, বাংলার ঐক্য বজায় রেখেই পাহাড়ের সমস্যার স্থায়ী সাংবিধানিক সমাধান খোঁজা হবে। উত্তরবঙ্গে ভোট প্রচারে গিয়ে ফের একবার সেই আশ্বাস দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের জনসভা থেকে শাহ বলেন, 'বাংলাকে না ভেঙেই গোর্খা সমস্যার সাংবিধানিক সমাধান করা হবে।'
গোর্খা সমস্যার সাংবিধানিক সমাধান
অমিত শাহ জনসভা থেকে বলেন, পশ্চিমবঙ্গকে না ভেঙেই গোর্খা সমস্যার একটি সাংবিধানিক সমাধান করা হবে। এই সমস্যার স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। পাশাপাশি উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি বলেন, এই অঞ্চলে চারটি বড় শহর গড়ে তোলা হবে, যা অর্থনীতি, পরিকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।
উত্তরবঙ্গের জন্য শাহের প্রতিশ্রুতি
শাহ এদিন বলেন, 'আমরা উত্তরবঙ্গের জন্য দার্জিলিং থেকে সুন্দরবন একটি খুব বড় মহাসড়ক বানাব। গোটা উত্তরবঙ্গের বিকাশ করব। উত্তরবঙ্গে AIIMS তৈরি হবে। কল্যাণীর AIIMS দূরে হয় তো আপনাদের জন্য? উত্তরবঙ্গের জন্য একটি পৃথক ৬০০ শয্যার ক্যান্সার হাসপাতাল তৈরি করবে বিজেপি। উত্তরবঙ্গে আমাদের যুবকদের জন্য আইআইটি বানাবে বিজেপি সরকার। আপনাদের জন্য একটি আইআইএম-ও খোলা হবে উত্তরবঙ্গের কোনও একটি জেলায়। উত্তরবঙ্গে একটি ক্রীড়া বিশ্ববিদ্যালয়ও প্রতিষ্ঠা করবে বিজেপি। আমরা রাজবংশী ভাষাকে অষ্টম তফসিলের অন্তর্ভুক্ত করব। একটি আদিবাসী বিশ্ববিদ্যালয় তৈরি হবে উত্তরবঙ্গের জন্য। দার্জিলিংকে একটি বড় ইকো অ্যাডভেঞ্চার হাবে পরিণত করা হবে।' পর্যটনের বিকাশে দার্জিলিংকে একটি বড় ইকো-অ্যাডভেঞ্চার হাবে পরিণত করার প্রতিশ্রুতি দেন শাহ, যা উত্তরবঙ্গের অর্থনীতিকে আরও শক্তিশালী করে তুলবে।ু