
বুধবার দার্জিলিংবাসীর উদ্দেশে বড় বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিন পাহাড়ে একাধিক জনসভা করার কথা ছিল শাহের। কিন্তু প্রাকৃতিক বিপর্যয়ের কারণে শাহের কপ্টার এদিন দার্জিলিংয়ে নামার অনুমতি পায়নি। এমন পরিস্থিতিতে ভার্চুয়াল ভাবেই পাহাড়বাসীকে বার্তা দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
রাজ্যে বিজেপি এলে একাধিক সমস্যার সমাধান হবে জানিয়ে অমিত শাহ পাহাড়বাসীকে গোর্খা ইস্যু নিয়েও আশ্বস্ত করেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, "BJP ক্ষমতায় এলে নিশ্চিত ভাবে গোর্খা সমস্যার সমাধান করা হবে।" তিনি বলেন, "ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে একাধিকবার গোর্খা সমস্যার সমাধান করতে উদ্যোগী হয়েছি। গত দেড় বছরে তিন বার মমতা দিদিকে বৈঠকে ডাকা হয়েছে। কিন্তু দিদি বা সরকারের কোনও প্রতিনিধি দিল্লি যায়নি। এরপর আমি বিরক্ত হয়ে রাজ্যে একজন প্রতিনিধি পাঠাই। কিন্তু তাঁকেও সরকার সময় দেয়নি।"
এরপরেই মমতা বন্দ্য়োপাধ্যায়কে নিশানা করে অমিত শাহ বলেন, "দার্জিলিংয়ের পাহাড়ে থাকা গোর্খারা নিজেদের অধিকার পাক, বিচার পাক, এটা মমতা বন্দ্য়োপাধ্যায় চান না। কিন্তু আপনারা চিন্তা করবেন না। ৫ মে সরকার গঠনের পর, বিজেপির মূল লক্ষ্য হবে যত দ্রুত সম্ভব সংবিধানের মধ্যে থেকে গোর্খাদের সমস্যা, পাহাড়ের সমস্যার সমাধান করা।"
পাশাপাশি অমিত শাহ প্রতিশ্রুতি দিয়ে বলেন, "গোর্খাদের উপর যে হাজার হাজার কেস রেজিস্টার করা হয়েছে, সরকার গঠনের পর সেই সব মামলা তুলে নেওয়া হবে এবং সকলের সঙ্গে ন্যায় হবে।"
অবশ্য গোর্খা সমস্যা নিয়ে গতকালও দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের জনসভা থেকে সরব হয়েছিলেন শাহ। জনসভা থেকে তিনি বলেন, "পশ্চিমবঙ্গকে না ভেঙেই গোর্খা সমস্যার একটি সাংবিধানিক সমাধান করা হবে। এই সমস্যার স্থায়ী ও গ্রহণযোগ্য সমাধানে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ বলেও তিনি জানান। পাশাপাশি উত্তরবঙ্গের সার্বিক উন্নয়নের লক্ষ্যে তিনি বলেন, এই অঞ্চলে চারটি বড় শহর গড়ে তোলা হবে, যা অর্থনীতি, পরিকাঠামো ও কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন দিগন্ত খুলে দেবে।"