
EC Suspends 4 Police Officers: ভবানীপুরে শুভেন্দু অধিকারীর মনোনয়ন জমার মিছিল ঘিরে অশান্তির জের। চার পুলিশ আধিকারিককে অবিলম্বে সাসপেন্ড করার নির্দেশ দিল নির্বাচন কমিশন। শুধু সাসপেন্ডই নয়, তাঁদের বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও নির্দেশ দেওয়া হয়েছে। পুলিশ আধিকারিকদের বিরুদ্ধে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার অভিযোগ আনা হয়েছে। কলকাতা পুলিশের ডিসি (২) সিদ্ধার্থ দত্ত, আলিপুর থানার ওসি প্রিয়ঙ্কর চক্রবর্তী, অতিরিক্ত ওসি চণ্ডীচরণ বন্দ্যোপাধ্যায় এবং সার্জেন্ট সৌরভ চট্টোপাধ্যায়কে সাসপেন্ডের নির্দেশ দিয়েছে কমিশন।
ইতিমধ্যেই এই মর্মে রাজ্যের মুখ্যসচিব দুষ্মন্ত নারিওয়ালাকে চিঠি পাঠানো হয়েছে। সেই চিঠিতে নির্দেশ দেওয়া হয়েছে, রবিবার সকাল ১১টার মধ্যে কমিশনকে রিপোর্ট জমা দিতে হবে।পাশাপাশি, ওই চার পদে দ্রুত নতুন আধিকারিক নিয়োগের কথাও বলা হয়েছে।
ভবানীপুরে কী হয়েছিল?
ঘটনার সূত্রপাত শুভেন্দু অধিকারী-র মনোনয়ন জমাকে কেন্দ্র করে। হাজরা মোড় থেকে মিছিল শুরু হয়েছিল। তারপর সেই রোড শো ভবানীপুর হয়ে এগোচ্ছিল। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়-এর বাড়ির সামনে উত্তেজনা ছড়ায়। অভিযোগ, তৃণমূল কর্মীরা কালো কাপড় বেঁধে বিক্ষোভ দেখাচ্ছিলেন। এরপর বিজেপি কর্মীদের সঙ্গে বচসা শুরু হয়। মুহূর্তের মধ্যে তা ধস্তাধস্তিতে পরিণত হয়।
এই ঘটনাকে কেন্দ্র করে কালীঘাট ও আলিপুর থানায় একাধিক অভিযোগ দায়ের হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তিনটি পৃথক অভিযোগের ভিত্তিতে এফআইআর দায়ের করা হয়েছে। এর মধ্যে দু'টি মামলা পুলিশই স্বতঃপ্রণোদিতভাবে দায়ের করেছে।
উল্লেখ্য, নির্বাচন ঘোষণার পর থেকেই রাজ্যে একের পর এক প্রশাসনিক রদবদল করেছে নির্বাচন কমিশন। একাধিক পুলিশ আধিকারিক, জেলাশাসক এবং প্রশাসনিক কর্তাকে বদলি বা সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এমনকি রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, ডিজিপি এবং কলকাতা পুলিশের কমিশনার পদেও পরিবর্তন আনা হয়েছে।
উল্লেখ্য, শুক্রবার খণ্ডঘোষ ব্লকের যুগ্ম বিডিও জ্যোৎস্না খাতুনকেও সাসপেন্ড করা হয়েছে। প্রশাসনিক নিরপেক্ষতা বজায় রাখতে এই পদক্ষেপ বলে জানিয়েছে কমিশন।