
রাজ্যে নির্বাচন উপলক্ষে আদর্শ আচরণবিধি লাগু রয়েছে। এই সময়ে শহর কলকাতা জুড়ে রাতদিন দেখা মিলছে সিসিটিভি ক্যামেরা লাগানো ক্যাবের। এই গাড়িগুলিতেই নাকা চেকিং চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী। এই ক্যামেরাগুলির কী কাজ? অনেকেরই এই প্রশ্নের উত্তর অজানা।
সিসিটিভি ক্যামেরা লাগানো এই ক্যাবগুলি কেন ব্যবহার করছে কেন্দ্রীয় বাহিনী?
সিসিটিভি লাগানো এই ক্যাবগুলি সংবেদনশীল এলাকাগুলিতে ঘুরছে। তাতে থাকছেন একজন চালক, ম্যাজিস্ট্রেট, একজন ভিডিওগ্রাফার এবং কেন্দ্রীয় বাহিনীর একজন জওয়ান ও পুলিশ আধিকারিক। সঙ্গে আরও কয়েকটি গাড়িও থাকছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ সরাসরি পৌঁছে যায় নির্বাচন কমিশনের কন্ট্রোল রুমে। কোথাও কোনও গণ্ডগোল হলে সঙ্গে সঙ্গে বাহিনী পাঠানোর বন্দোবস্ত করবে কমিশন। নাকা চেকিংয়ের সময় এই গাড়ি ব্যবহার করা হচ্ছে।
সাধারণ অ্যাপ ক্য়াবগুলিতেই ক্যামেরা লাগিয়ে নাকা চেকিংয়ের কাজে ব্যবহার করা হচ্ছে। এর জন্য প্রতিদিনের হিসেবে ভাড়াও দেওয়া হচ্ছে ক্যাব মালিকদের।
উল্লেখ্য, ভোট ঘোষণার পরই পাঁচ রাজ্যে কমিশন ৫,৭১৩টিরও বেশি ফ্লাইং স্কোয়াড মোতায়েন করা হয়। এই স্কোয়াড কোনও অশান্তি বা অভিযোগ পাওয়ার ১০০ মিনিটের মধ্যে পদক্ষেপ করে। তা ছাড়া সামগ্রিক পরিস্থিতির উপর নজর রাখতে ভোটমুখী রাজ্যগুলিতে মোট ৫২০০টি স্ট্যাটিক সারভেল্যান্স টিমও মোতায়েন করেছে কমিশন। সর্বদা নজরদারি চালানো হচ্ছে কন্ট্রোল রুম থেকে।