
বঙ্গ রাজনীতির অন্যতম হাইভোল্টেজ কেন্দ্র নন্দীগ্রাম ফের শিরোনামে। এবার নন্দীগ্রামে দেখা যেতে চলেছে ‘দুই শুভেন্দু অধিকারী’র লড়াই!
একদিকে রয়েছেন বিজেপি প্রার্থী, বিরোধী দলনেতা তথা বিদায়ী বিধায়ক শুভেন্দু অধিকারী। অন্যদিকে নির্দল প্রার্থী হিসেবে ময়দানে নেমেছেন আরও এক শুভেন্দু অধিকারী। তিনি কলকাতার গড়ফা এলাকার বাসিন্দা। যিনি পূর্ব মেদিনীপুরের রাজনীতিতে একেবারেই অচেনা মুখ। একই নাম হওয়ায় ভোটারদের মধ্যে বিভ্রান্তি তৈরি হতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
জমি আন্দোলনের ইতিহাসে গুরুত্বপূর্ণ এই নন্দীগ্রাম কেন্দ্র এমনিতেই অত্যন্ত স্পর্শকাতর। তার উপর এবার তৃণমূল কংগ্রেস প্রার্থী করেছে শুভেন্দুর প্রাক্তন ঘনিষ্ঠ নেতা পবিত্র করকে। তৃণমূলে যোগ দেওয়ার মাত্র এক ঘণ্টার মধ্যেই তাঁকে প্রার্থী করা হয়, যা রাজনৈতিক মহলে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে, নির্দল ‘সমনামী’ প্রার্থীকে সামনে এনে ভোটে প্রভাব ফেলাই হতে পারে কৌশল। এতে মূল প্রার্থী শুভেন্দু অধিকারীর ভোট কিছুটা বিভক্ত হওয়ার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও বিজেপি নেতৃত্ব এই আশঙ্কাকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের দাবি, নন্দীগ্রামের মানুষ প্রকৃত নেতাকে চেনেন, ফলে বিভ্রান্তির কোনও সুযোগ নেই।
অন্যদিকে তৃণমূলের জেলা নেতৃত্ব স্পষ্ট জানিয়ে দিয়েছে, যে কেউ সংবিধান অনুযায়ী যে কোনও জায়গা থেকে প্রার্থী হতে পারেন। নির্দল প্রার্থীর সঙ্গে দলের কোনও যোগ নেই বলেই দাবি তাঁদের। তাঁদের বক্তব্য, নন্দীগ্রামের ‘ভূমিপুত্র’ প্রার্থীই শেষ পর্যন্ত জয়ী হবেন।