
এবারের ভোটে ভবানীপুরই সবথেকে হাইভোল্টেজ কেন্দ্র। ইতিমধ্যেই বিজেপি-তৃণমূলের প্রচারের লড়াই তুঙ্গে। এরইমধ্যে একটি ব্যানার নিয়ে চর্চা শুরু হয়েছে। ব্যানারটিতে লেখা রয়েছে, 'ভবানীপুরে এবার পাঁঠাবলি হবে'। অনেকের মতে, নাম না করে শুভেন্দু অধিকারীকেই কটাক্ষ করা হচ্ছে তাতে।
ব্যানারটি করা হয়েছে 'দক্ষিণ কলকাতা ফ্যাম কমিউনিটি'র পক্ষ থেকে। লেখা রয়েছে তা। পাঁঠা বলি হবে লেখার পাশে একটি হাঁড়িকাঠের ছবি রয়েছে। সেখানে একটি পাঁঠার মুখ রয়েছে। অভিযোগ, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখের ওপরেই ওই পাঁঠার মুখটি বসানো হয়েছে।
অন্যদিকে, ভবানীপুরের তৃণমূলের তরফে স্লোগান তোলা হচ্ছে, 'ভবানীপুরের গলার কাঁটা, শুভেন্দু এবার বলির পাঁঠা'। শুধু স্লোগান নয়, বিভিন্ন সমাজ মাধ্যমে ওই ব্যানার ছড়িয়ে দেওয়া হয়েছে তৃণমূলের তরফে। বলা হচ্ছে ৪ মে ভবানীপুরে কালীঘাট মন্দিরে পাঁঠাবলি হবে। কে কে আসবেন দেখতে?
পাশাপাশি, ভোটের মুখে ভবানীপুরের ভোটার তালিকা নিয়ে নতুন করে বিতর্ক দানা বাঁধছে। একটি সাম্প্রতিক বিশ্লেষণে উঠে এসেছে, বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ার পর এই কেন্দ্রে যে ভোটারদের নাম বাদ পড়েছে, তাঁদের মধ্যে ৪০ শতাংশেরও বেশি মুসলিম। অথচ ভবানীপুরের মোট জনসংখ্যার মাত্র প্রায় ২০ শতাংশই মুসলিম, ফলে এই অসামঞ্জস্য ঘিরে প্রশ্ন উঠছে নানা মহলে।