
বিজেপি-র প্রার্থী তালিকা প্রকাশ পেতেই বিধানসভা নির্বাচনে এখন সবচেয়ে চর্চিত কেন্দ্রটির নাম ভবানীপুর। কেন? তা আর বলার অপেক্ষা রাখে না। রাজ্য রাজনীতি যখন মমতার খাস তালুকে শুভেন্দু অধিকারীর এন্ট্রিতে মেতে, তখন কিছু বিষয়ে একটু আলোকপাত না করলেই নয়। কিছু প্রশ্ন, যেগুলির উত্তর খোঁজা জরুরি। সবচেয়ে বড় প্রশ্ন হল, ভবানীপুর কেন্দ্র কি এবারের নির্বাচনেওমমতা বন্দ্যোপাধ্যায়কে জিতিয়ে দেবে? নাকি শুভেন্দু অধিকারী ফের জায়ান্ট কিলার হবেন? এই প্রতিবেদন যখন লেখা হচ্ছে, তখনও তৃণমূল প্রার্থী তালিকা ঘোষণা করেনি। তবে ধরেই নেওয়া যায়, ভবানীপুরে এবারও প্রার্থী হবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ তিনি বারবারই বলেছেন, 'একটি ভোটে হলেও, ভবানীপুরে জিতব।'
মোট ৮টি ওয়ার্ড নিয়ে ভবানীপুর কেন্দ্র
ভবানীপুর নিয়ে উত্তর খুঁজতে গেলে প্রথমেই ভবানীপুর আসনটিকে চিনে নেওয়া যাক। কলকাতা পুরসভার ৬৩, ৭৭, ৭৪, ৭১, ৭০, ৭২, ৭৩, ৮২ ওয়ার্ড নিয়ে তৈরি ভবানীপুর বিধানসভা কেন্দ্র। ভবানীপুরের ভোটিং ম্যাপ বলছে, ৪২ শতাংশ বাঙালি হিন্দু, ২৪ শতাংশ মুসলিম ও ৩৪ শতাংশ অবাঙালি হিন্দু। অর্থাত্ শুধু হিন্দু ভোট ধরলে, ৭৬ শতাংশ হিন্দু ভোট। মুসলমান ভোটার অনেকটাই কম। এর মধ্যে কয়েকটি ওয়ার্ডের কথাই তুলে ধরা যাক। যে ওয়ার্ডগুলি থেকে আশা করতে পারে বিজেপি।
শুভেন্দু বা বিজেপি কোন ওয়ার্ডগুলি টার্গেট করতে পারে?
বস্তুত, ভবানীপুরে সব হিন্দুভোটকে একত্রিত করার যে দাবি করছেন শুভেন্দু অধিকারী, তা কতটা বাস্তব, সেটাও দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যানে। প্রথমেই ৭৪ নম্বর ওয়ার্ডে। এই ওয়ার্ডে অবাঙালি ভোটারদের হার প্রায় ৪৯ শতাংশ। বাঙালি ভোটার রয়েছেন ৩৬ শতাংশ। মুসলিম ভোটার ১৬ শতাংশ। ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত যত ভোট হয়েছে, এই ওয়ার্ডে মাত্র একবার ২০১৬ সালে লিড পেয়েছিল তৃণমূল। বাকি তিনবারই বিজেপি লিড পেয়েছে।
এবার আসা যাক ৭১ নম্বর ওয়ার্ডে। প্রচুর হিন্দিভাষী ভোটার। প্রায় ৫৫ শতাংশ। অবাঙালি ৪২ শতাংশ। মুসলিমদের ভোটার মাত্র ৩ শতাংশ। ২০১৪ এবং ২০১৬ সালের ভোটে এই ওয়ার্ডে তৃণমূল এগিয়ে থাকলেও ২০১৯ সালের লোকসভায় লিড নেয় বিজেপি। গত উপনির্বাচনে এই ওয়ার্ডে এগিয়ে ছিল তৃণমূল। ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও এই ওয়ার্ডে তৃণমূলপ্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায় লিড পেয়েছিলেন। এই ওয়ার্ডটি বিজেপি টার্গেট করতে পারে। বিশেষ করে হিন্দিভাষী ভোটারদের।
৭০ নম্বর ওয়ার্ড অনেক দিন ধরেই বিজেপি ঘেঁষা। শক্তঘাঁটি। অবাঙালি ভোটার ৬১ শতাংশ। এই ভোটাররা মূলত বিজেপি-কেই ভোট দেন। সংখ্যালঘু ভোট ৩ শতাংশ। বাঙালি ভোটার ৩৫ শতাংশ। এবারে শুভেন্দুর অন্যতম ট্রাম্প কার্ড হতে পারে এই ৭০ নম্বর ওয়ার্ড।
৭২ নম্বর ওয়ার্ডের খামখেয়ালি ভোটার। এখানে লোকসভা নির্বাচনে লিড পায় বিজেপি। আবার বিধানসভা ভোটে লিড পায় তৃণমূল কংগ্রেস। এখানে বাঙালি ৫৬ শতাংশ, অবাঙালি ৪১ শতাংশ, এবং মুসলিম ৩ শতাংশ। অতএব বিজেপি-র সম্ভাবনার আলো এই ওয়ার্ড।
৭০ নম্বর ওয়ার্ডেই শুভেন্দুর ওয়াররুম
ভবানীপুর ভোটে কড়া টক্কর দিতে বিশেষ ওয়াররুম গড়েছেন শুভেন্দু অধিকারী। এই অফিস থেকে গোটা বিধানসভার ভোট পরিচালনার কাজকর্ম চলছে। কলকাতা পুরসভার ৭০ নম্বর ওয়ার্ডের ৮/১বি চক্রবেড়িয়া রোডের (দক্ষিণ) একটি বাড়ির নীচের তলায় তৈরি করা হয়েছে এই ওয়ার রুম।