
ভবানীপুর বিধানসভা কেন্দ্রকে ঘিরে তৃণমূল কংগ্রেসের প্রচার তুঙ্গে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-কে সামনে রেখেই প্রচারের মূল সুর বেঁধেছে দল। তাঁকে ‘ঘরের মেয়ে’ হিসেবে তুলে ধরে ভোটারদের কাছে পৌঁছনোর কৌশল নিয়েছে তৃণমূল।
সোমবার চেতলার রাখাল দাস আঢ্যি রোডে বাড়ি বাড়ি জনসংযোগে নামেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তিনি মমতার পক্ষে সমর্থন চেয়েছেন। তাঁর দাবি, ভবানীপুরে এবারও বিপুল ব্যবধানে জয়ী হবেন মুখ্যমন্ত্রী।
ফিরহাদ বলেন, '৬০ হাজারের বেশি ভোটে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই এলাকা তাঁর নিজের, এখানকার মানুষ তাঁকে চেনেন। তবুও আমরা বাড়ি বাড়ি গিয়ে সবাইকে মনে করিয়ে দিচ্ছি, মমতাকেই ভোট দিন, কারণ তিনিই ভবানীপুরের ঘরের মেয়ে।'
ভোটার তালিকা নিয়ে কিছু নাম বাদ পড়ার প্রসঙ্গেও মন্তব্য করেন তিনি। তাঁর কথায়, আদালতের উপর পূর্ণ আস্থা রয়েছে। প্রয়োজনে তৃণমূল কংগ্রেস আইনি লড়াই চালিয়ে যাবে এবং মানুষের পাশে থাকবে।
বিজেপি প্রার্থী প্রসঙ্গে কটাক্ষ করে ফিরহাদ জানান, কে প্রার্থী হল তা নিয়ে তৃণমূলের কোনও চিন্তা নেই। তাঁর কথায়, 'উন্নয়ন ঘরে ঘরে পৌঁছেছে। তাই ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় নিয়ে কোনও সন্দেহ নেই।'
সব মিলিয়ে, ‘ঘরের মেয়ে’ ইস্যুকে সামনে রেখে তৃণমূলের এই জোরদার প্রচার ভবানীপুরের ভোট-লড়াইকে আরও উত্তপ্ত করে তুলেছে।