Advertisement

'কলকাতায় পুরোনো বাড়ি জবরদখল করাচ্ছে পুলিশ', 'নোটায়' ভোটের সিদ্ধান্ত বাড়িওয়ালাদের

সংগঠনের দাবি, কোটি কোটি টাকার সম্পত্তি বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে, অথচ প্রকৃত মালিকরা কোনও আর্থিক সুবিধা পাচ্ছেন না। পাশাপাশি বাড়িওয়ালাদের উপর করের চাপ বাড়ছে বলেও অভিযোগ। তাঁদের বক্তব্য, রেন্ট কন্ট্রোলের বিপুল অঙ্কের টাকা এখনও বকেয়া রয়েছে, কিন্তু তা আদায়ে কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না।

ফাইল ছবিফাইল ছবি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Mar 2026,
  • अपडेटेड 1:42 PM IST
  • কলকাতায় সম্পত্তি জবরদখল নিয়ে ক্ষোভ চরমে উঠেছে বাড়িওয়ালাদের একাংশের মধ্যে।
  • এই পরিস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচনে ‘নোটা’ বা ‘নান অব দ্য অ্যাবাভ’-এ ভোট দেওয়ার ডাক দিল 'ক্যালকাটা হাউস ওনার্স অ্যাশোসিয়েশন।'

কলকাতায় সম্পত্তি জবরদখল নিয়ে ক্ষোভ চরমে উঠেছে বাড়িওয়ালাদের একাংশের মধ্যে। এই পরিস্থিতিতে আসন্ন বিধানসভা নির্বাচনে ‘নোটা’ বা ‘নান অব দ্য অ্যাবাভ’-এ ভোট দেওয়ার ডাক দিল 'ক্যালকাটা হাউস ওনার্স অ্যাশোসিয়েশন।'
শুক্রবার সংগঠনের তরফে জানানো হয়েছে, কলকাতায় তাদের প্রায় ৫ হাজারেরও বেশি সদস্য রয়েছেন।

সংগঠনের সাধারণ সম্পাদক সুকুমার রক্ষিত বললেন, 'সব সদস্যকে নোটায় ভোট দেওয়ার জন্য আবেদন জানানো হয়েছে। শুধু সংগঠনের মধ্যেই সীমাবদ্ধ না থেকে, রাজ্যের অন্যান্য বাড়িওয়ালাদের কাছেও একই আবেদন পৌঁছে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে।'

এই সিদ্ধান্তের পেছনে দীর্ঘদিনের জমে থাকা ক্ষোভই প্রধান কারণ বলে দাবি সংগঠনের। তাঁদের অভিযোগ, রাজ্যজুড়ে বহু জায়গায় বাড়ি ও সম্পত্তি জবরদখলের ঘটনা ঘটছে। এমনকি বিধবাদের সম্পত্তিও দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ, এসব ঘটনায় প্রশাসন কার্যকর পদক্ষেপ নিচ্ছে না। কোথাও আবার পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।

সুকুমারের কথায়, 'মন্মথ কেবিন দখলে শ্যামপুকুর থানার অফিসার পরিতোষ ভাদুরি আর অজয় সাহা জড়িত। ওটা ২০ কোটির সম্পত্তি। পাশাপাশি গাড়িওয়ালাদের কর বাড়িওয়ালাদের ঘাড়ে চাপানো হচ্ছে। হাওড়া ব্রিজের কর নিচ্ছে পুরসভা। রেন্ট কন্ট্রোলে ৪০০ কোটি কলকাতার বাড়িওয়ালাদের। রাজ্যের মোট ২৭০০ কোটি। কিন্তু আমরা টাকা পাচ্ছি না। কোনও রাজনৈতিক দল আমাদের পক্ষে নেই।'

সংগঠনের দাবি, কোটি কোটি টাকার সম্পত্তি বেআইনিভাবে দখল হয়ে যাচ্ছে, অথচ প্রকৃত মালিকরা কোনও আর্থিক সুবিধা পাচ্ছেন না। পাশাপাশি বাড়িওয়ালাদের উপর করের চাপ বাড়ছে বলেও অভিযোগ। তাঁদের বক্তব্য, রেন্ট কন্ট্রোলের বিপুল অঙ্কের টাকা এখনও বকেয়া রয়েছে, কিন্তু তা আদায়ে কোনও উদ্যোগ দেখা যাচ্ছে না।

সব মিলিয়ে, নিজেদের দাবি ও ক্ষোভ প্রকাশ করতেই এইবার ভোটে ‘নোটা’-কে হাতিয়ার করতে চাইছেন বাড়িওয়ালারা। তাঁদের স্পষ্ট বক্তব্য, কোনও রাজনৈতিক দলই তাঁদের সমস্যার সমাধানে এগিয়ে আসেনি, তাই এই প্রতিবাদী পথই এখন একমাত্র উপায়।

 

Read more!
Advertisement
Advertisement