
শিশুশিল্পী হিসাবে তিনি পরিচিতি পেতে শুরু করেন। মাত্র ৩ বছর বয়সে 'ছোট বউ' ছবিতে শিশুশিল্পী হিসেবে টলিউডে আত্মপ্রকাশ। এরপর একের পর এক ছবিতে তাঁকে দেখে দর্শক। এমনকি সত্যজিৎ রায়ের ছবিতেও কাজ করেছেন। এক পরিচিত হেলথ ড্রিঙ্কের বিজ্ঞাপনে তাঁর সংলাপ আজও জনপ্রিয়। কর্মজীবনের শুরুর দিকে, মাস্টার বিট্টু নামেই পরিচিত ছিলেন। এই অবধি পড়ে, আর বুঝতে অসুবিধা থাকে না, কথা হচ্ছে সোহম চক্রবর্তীকে নিয়ে। বর্তমানে শুধু অভিনেতা হিসাবে সীমাবদ্ধ নেই তিনি। প্রযোজক সংস্থাও খুলেছেন। যদিও খুব একটা সাফল্য আসেনি। সেই সঙ্গে তাঁর নাম জুড়েছে রাজনীতির সঙ্গে। তৃণমূল- কংগ্রেসের বিধায়ক তিনি।
অভিনয় কেরিয়ার
১৯৮৮ সালে, সেই ছোটবেলায় কেরিয়ার শুরু থেকে ২০২৬, জার্নিটা একেবারেই সহজ ছিল না সোহমের। ব্যর্থতা এসেছে বারবার, তাও হার মানেননি। প্রায় দীর্ঘ চার দশকের অভিনয় কেরিয়ারে, তাঁর ঝুলিতে রয়েছে একগুচ্ছ ছবি। 'ছোট বউ', 'শাখা প্রশাখা', 'নবাব', 'মায়ার বাঁধন', 'দেবতা', 'চাঁদের বাড়ি', 'প্রেম আমার', 'ফান্দে পড়িয়া বগা কান্দে রে', 'অমানুষ', 'গল্প হলেও সত্যি', 'শুধু তোমারি জন্য', 'জামাই ৪২০', 'কাঠমুন্ডু', 'জিও পাগলা', 'ধর্মযুদ্ধ', 'ফেলুবক্সী'-র মতো বহু ছবিতে তাঁর কাজ যথেষ্ট প্রশংসিত। 'জোয়ার ভাটা’ ও ‘শাখা প্রশাখা’ ছবিতে অভিনয়ের জন্য তিনি দু'বার বর্ষসেরা শিশুশিল্পী হিসেবে উত্তম কুমার পুরস্কার পান।
রাজনৈতিক কেরিয়ার
২০১৪ সালে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেন সোহম। তাঁকে সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি হিসাবে নিযুক্ত করা হয়েছিল৷ ২০১৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বারজোরা (বিধানসভা কেন্দ্র) থেকে ভোটে দাঁড়ান তিনি। তবে সিপিআই-এম-র প্রার্থী সুজিত চক্রবর্তীর কাছে পরাজিত হন। এরপর, ২০২১ সালে চন্ডীপুর কেন্দ্র থেকে ফের ভোটে দাঁড়িয়ে, জয়লাভ করেন। এবার ফের নির্বাচনের টিকিট পেয়েছেন তিনি। তবে তাঁর বিধানসভা আবারও বদলেছে। এবার তিনি নদীয়ার করিমপুরের প্রার্থী। ইতিমধ্যেই প্রচার শুরু করেছেন।
সমালোচনা
কাজের বাইরেও বারবার চর্চায় এসেছেন সোহম চক্রবর্তী। বিভিন্ন সময়ে, সমালোচনায় জড়িয়েছেন তিনি। এক রেস্তরাঁর মালিককে চড় মেরেছিলেন তিনি। এই ঘটনার জল গড়িয়েছিল বহু দূর অবধি। এবছর ফেব্রুয়ারি মাস নাগাদ, সোহমের বিরুদ্ধে কোটি টাকা প্রতারণার অভিযোগ ওঠে ৷ শুধু তাই নয়, টাকা না-দিয়ে নিজের রাজনৈতিক প্রভাব খাটানোর হুমকিও দিয়েছেন বলে অভিযোগ ওঠে ৷ যদিও, পুলিশের কাছে অভিযোগ জানাতে গেলেও কোনও সুরাহা পাননি বলে অভিযোগ করেন শেখ শাহিদ ইমাম নামের এক ব্যক্তি ৷ শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন তিনি ৷ এছাড়াও, বিভিন্ন সময় নিজের মন্তব্যের কারণে শিরোনামে এসেছেন।
ব্যক্তিগত জীবন
দীর্ঘদিনের প্রেমিকার সঙ্গেই বিয়ে করেন সোহম। স্ত্রী তনয়ার সঙ্গে তাঁর প্রেম স্কুল জীবন থেকে। ২০১২ সালে চার হাত এক হয় জুটির। দুই ছেলে, আয়াংশ ও আধ্যাংশকে নিয়ে সোহম- তনয়ার জগৎ।